ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিতের আহ্বান

​বাংলাদেশে সংঘটিত অপরাধের জবাবদিহি চায় জাতিসংঘ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১১-১১-২০২৬ ০২:৫৯:১১ অপরাহ্ন
আপডেট সময় : ১১-১১-২০২৬ ০৩:১৭:৩৬ অপরাহ্ন
​বাংলাদেশে সংঘটিত অপরাধের জবাবদিহি চায় জাতিসংঘ ​ছবি: সংগৃহীত
বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে জাতিসংঘ। বিশেষ করে ২০২৪ সালের জুলাই-আগস্টে বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন নিয়ে সংস্থাটির ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের প্রতিবেদনে উঠে আসা অপরাধগুলোরও জবাবদিহি চায় তারা। তবে অতীতের অপরাধের বিচার এবং রাজনৈতিক কর্মকাণ্ডকে পৃথকভাবে বিবেচনা করছে জাতিসংঘ। সংস্থাটির মতে, সব রাজনৈতিক দল ও ব্যক্তিত্বের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার স্বাধীনতা থাকা উচিত।

মঙ্গলবার (১০ নভেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত মধ্যাহ্ন ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক এসব কথা বলেন। ব্রিফিংয়ে অংশ নেওয়া বাংলাদেশি সাংবাদিক আবু সুফিয়ানের এক প্রশ্নের জবাবে তিনি সংস্থাটির অবস্থান ব্যাখ্যা করেন।

শেখ হাসিনা ও তাঁর সমর্থকদের বিষয়ে জাতিসংঘের অবস্থান জানতে চান ওই সাংবাদিক। তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশে হাজারো মানুষ হত্যার সঙ্গে জড়িত। এটি কেবল অভিযোগ নয়, আন্তর্জাতিক গণমাধ্যমের পাশাপাশি জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের প্রতিবেদনেও বিষয়টি উঠে এসেছে। অন্যদিকে, তাঁর নেতা-কর্মীরা আবারও বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। এ বিষয়ে জাতিসংঘের অবস্থান কী?

জবাবে ফারহান হক বলেন, অবশ্যই, বাংলাদেশে যেসব অপরাধ সংঘটিত হয়েছে, আমাদের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন যেগুলো নথিভুক্ত করেছে সেগুলোসহ, সব অপরাধের জবাবদিহি আমরা চাই।

তবে অপরাধের জবাবদিহির পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার অধিকারের বিষয়টিও তুলে ধরেন জাতিসংঘের এই মুখপাত্র। তিনি বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে আমরা মনে করি, সব রাজনৈতিক দল ও সব রাজনৈতিক ব্যক্তিত্বের অংশগ্রহণের স্বাধীনতা থাকা উচিত।

ফারহান হক যে ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের কথা উল্লেখ করেছেন, সেটি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর পরিচালনা করে। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি জেনেভায় প্রকাশিত ওই প্রতিবেদনে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন এবং তা দমনে নিরাপত্তা বাহিনীর ভূমিকার বিস্তারিত চিত্র তুলে ধরা হয়।

প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়ে থাকতে পারেন। তাঁদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারান। নিহতদের মধ্যে প্রায় ১২ থেকে ১৩ শতাংশ ছিল শিশু। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে ওই দমন-পীড়নের অবসান ঘটে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ