কুড়িগ্রামে হঠাৎ শিলাবৃষ্টি, দুশ্চিন্তায় কৃষক
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১১-১১-২০২৬ ০২:৩১:১৭ অপরাহ্ন
আপডেট সময় :
১১-১১-২০২৬ ০২:৩১:৪৬ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
কুড়িগ্রামে হঠাৎ করে শিলাবৃষ্টিতে মাঠে থাকা পাকা আমন ধান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা। দমকা হাওয়া ও শিলাবৃষ্টির কারণে জেলার বিভিন্ন স্থানে জমির ধান হেলে পড়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে কুড়িগ্রাম সদর, রাজারহাট ও উলিপুরসহ জেলার বিভিন্ন এলাকায় হঠাৎ করেই বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়। কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাতও হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে দুই থেকে তিন মিনিট স্থায়ী এই শিলাবৃষ্টিতে শীতের শুরুতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দেয়। আকস্মিক এই আবহাওয়ায় বেশ কিছু এলাকায় জমির পাকা ধান ও ধানের শীষ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজারহাটের বৈদ্যের বাজার এলাকার কৃষক শুশীল চন্দ্র জানান, তার জমির ধান পাকতে শুরু করার এই সময়ে শিলাবৃষ্টি হওয়ায় তিনি বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন। সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কৃষক নুরুল ইসলাম বলেন, শিলাবৃষ্টির কারণে তার জমির কিছু ধান ঝরে পড়েছে।
কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র জানান, সাধারণত এ সময়ে শিলাবৃষ্টি হওয়ার কথা নয়। মঙ্গলবার রাতে ওই এলাকায় ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে কুড়িগ্রাম জেলায় ১ লাখ ২১ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। কুড়িগ্রাম সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাহিদা আফরীন জানান, শিলাবৃষ্টিতে প্রায় দেড় হেক্টর জমির ধান হেলে পড়েছে, যা পরবর্তীতে ফসলের ওপর প্রভাব ফেলতে পারে। তবে শিলাবৃষ্টি স্বল্পস্থায়ী হওয়ায় সামগ্রিক ক্ষতি তুলনামূলক কম হতে পারে বলে জানিয়েছে কৃষি অফিস।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স