ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২৩ বছরেও শেষ হয়নি বালু নদের সেতু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১১-১১-২০২৬ ০২:১৯:১৯ অপরাহ্ন
আপডেট সময় : ১১-১১-২০২৬ ০২:১৯:১৯ অপরাহ্ন
২৩ বছরেও শেষ হয়নি বালু নদের সেতু ছবি : সংগৃহীত
নির্মাণ শুরুর দুই যুগের বেশি সময় পেরিয়ে গেলেও নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালু নদের ওপর সেতুর কাজ শেষ হয়নি। দুই দফায় প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হলেও মাঝপথে থমকে গেছে কার্যক্রম।

ফলে রাজধানীর সঙ্গে যোগাযোগ সহজ হওয়ার অপেক্ষায় থাকা রূপগঞ্জ ও পার্শ্ববর্তী এলাকার লাখো মানুষকে পোহাতে হচ্ছে দুর্ভোগ।

ঢাকা-নারায়ণগঞ্জের সীমানায় কায়েতপাড়া-নগরপাড়া এলাকায় ২০০৩ সালে ৭৫ দশমিক ৩০ মিটার দৈর্ঘ্যের সেতুটির কাজ শুরু হয়। প্রাথমিকভাবে এর জন্য ৫ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ নির্ধারণ করা হয়েছিল। নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন না হওয়ায় স্থানীয়রা একাধিকবার বিক্ষোভ, মানববন্ধন, সভা-সমাবেশ ও সড়ক অবরোধ করেছেন।

নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ জানায়, ২০০১ সালে মাঝিনা-কায়েতপাড়া-ত্রিমোহনী সড়কে সেতু নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়। কাজ পায় মেসার্স ইস্টার্ন ট্রেডার্স লিমিটেড। এক বছরের মধ্যে প্রকল্পটি সম্পন্ন করার কথা ছিল।

তবে প্রতিষ্ঠানটির মালিক জাহিদ হোসেনের ভাষ্য, ২০০৪-০৫ অর্থবছরে ৫০ লাখ টাকা তোলা সম্ভব হলেও পরবর্তী সময়ে অর্থ বরাদ্দ মেলেনি। নির্মাণ উপকরণের মূল্যবৃদ্ধিসহ নানা কারণে কাজ আটকে যায়।

২০২১ সালে অসমাপ্ত অংশের জন্য পুনরায় দরপত্র ডাকা হয়। প্রায় ১৩ কোটি টাকার কাজ পায় মেসার্স ইউনুস অ্যান্ড ব্রাদার্স ও মেসার্স সরদার এন্টারপ্রাইজের যৌথ উদ্যোগ। ওই বছরের মে মাসে কাজ শুরুর পরিকল্পনা থাকলেও সেটিও বাস্তবায়িত হয়নি।

নির্মাণ এলাকায় গিয়ে দেখা গেছে, কয়েকটি পিয়ার, কলাম, ক্যাপ, উইংওয়াল ও অ্যাবাটমেন্টের অংশ তৈরি হয়েছে। কিন্তু সংযোগ সড়ক জরাজীর্ণ। ইটের সলিং উঠে গেছে, লোহার রডেও জং ধরেছে। সেতুটি না থাকায় রাজধানীতে যেতে স্থানীয়দের ১২ থেকে ১৩ কিলোমিটার বাড়তি পথ পাড়ি দিতে হচ্ছে।

গত ১৬ এপ্রিল সংসদে বিষয়টি তুলে ধরে দ্রুত কাজ সম্পন্নের দাবি জানান নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। এর আগে ২৭ মার্চ সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ প্রকল্প এলাকা ঘুরে দেখেন। তিনি জানান, পূর্ব মাদারটেক ও সবুজবাগ হয়ে সেতুটি ব্যবহার করে সিলেট ও চট্টগ্রামসহ পূর্বাঞ্চলে যাতায়াত সহজ হবে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিমের দাবি, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দ্রুত কাজ শুরুর উদ্যোগ নেওয়া হবে। তবে বারবার উদ্যোগ ভেস্তে যাওয়ায় এবারও আশ্বাসের বাস্তবায়ন নিয়ে সংশয়ে রয়েছেন স্থানীয়রা।

 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ