ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশস্তকরণ হচ্ছে বাঁশখালী মহাসড়ক

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১১-১১-২০২৬ ০২:১১:৩০ অপরাহ্ন
আপডেট সময় : ১১-১১-২০২৬ ০২:১১:৩০ অপরাহ্ন
প্রশস্তকরণ হচ্ছে বাঁশখালী মহাসড়ক ফাইল ছবি
 যানজট নিরসন ও জনদুর্ভোগ নিরসনে চট্টগ্রামের বাঁশখালী চকরিয়া ঈদমনি পর্যন্ত ৫৮ কিলোমিটার আঞ্চলিক এ মহাসড়ক প্রশস্তকরণের উদ্যোগ নেওয়া হয়েছে । এই আঞ্চলিক মহাসড়ক হবে ৩৪ ফুট প্রশস্ত। রাস্তার দুপাশে তিন ফুট করে ছয় ফুট হবে ফুটপাত বা সাধারণের চলাচল পথ। এই মহাসড়ক প্রশস্তকরণে প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১৮৩ কোটি টাকা । এই মহাসড়ক প্রশস্তকরণে ৩০.৪০ হেক্টর ভূমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। রাস্তার পাশে অবস্থিত মসজিদ, মন্দির, দোকান ও বাড়ি-ঘরের তালিকা প্রণয়ন করা হচ্ছে। জানা গেছে, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কালাবিবির দিঘি থেকে বাঁশখালী চকরিয়া ঈদমনি পর্যন্ত ৫৮ কিলোমিটার আঞ্চলিক এ মহাসড়কটি প্রশস্তকরণ করা হবে। এই আঞ্চলিক মহাসড়কের বাঁশখালী অংশেই অধিগ্রহণ হবে ৩০.৪০ হেক্টর ভূমি বা ১৯৫ কানি জমি। 

আনোয়ারা, পেকুয়া ও চকরিয়ায় ভূমি অধিগ্রহণ কাজ সম্পন্ন হলেও বাঁশখালী অংশের ভূমি অধিগ্রহণ নিয়ে চলছে ধীরগতি। দ্রুত অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান সচেতন মহল। জানা যায়, আনোয়ারা কালাবিবির দিঘি থেকে বাঁশখালী, টইটং, পেকুয়া, বদরখালী, চকরিয়া ঈদমনি পর্যন্ত ৫৮ দশমিক ২০ কিলোমিটার আঞ্চলিক এ মহাসড়ক প্রশস্ত ও উন্নীতকরণে দোহাজারী সড়ক বিভাগ থেকে ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) পাঠানো প্রস্তাব ইতোমধ্যেই ঢাকা সড়ক ও জনপথ অধিদপ্তরে গৃহীত হয়েছে। চট্টগ্রাম সড়ক ও জনপথ বিভাগ জানায়, কর্ণফুলী ট্যানেলকে বহুমুখী ব্যবহার উপযোগী করা এবং বিদ্যমান চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহনের চাপ কমানোর লক্ষ্যে আনোয়ারা থেকে বাঁশখালী হয়ে পেকুয়া-বদরখালী হয়ে চকরিয়া ঈদমনি পর্যন্ত এই আঞ্চলিক মহাসড়কটি প্রশস্তকরণে উদ্যোগ নেওয়া হয়েছে।

সড়ক ও জনপথ অধিদপ্তর চট্টগ্রাম জোনের প্রজেক্ট ডাইরেক্টর পিডি আবদুল আলম বলেন, আনোয়ারা উপজেলার কালাবিবির দিঘি থেকে বাঁশখালী, টইটং, পেকুয়া, বদরখালী, চকরিয়া ঈদমনি পর্যন্ত ৫৮ দশমিক ২০ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক প্রশস্ত ও উন্নীতকরণে উন্নয়ন প্রকল্প প্রস্তাব অনুমোদন করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর। তিনি আরো বলেন, এ প্রকল্প প্রস্তাবে প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১ ৮৩ কোটি টাকা।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে চট্টগ্রামের সঙ্গে কক্সবাজারের বিকল্প সড়ক হিসেবে যোগাযোগব্যবস্থায় মাইলফলক হয়ে থাকবে। বাঁশখালী উপজেলা হয়ে কক্সবাজারের দূরত্ব কমবে। এই সড়কে যানজট ও দুর্ঘটনা অনেকাংশেও কমে যাবে। এতে লাখ লাখ মানুষ যোগাযোগ সুবিধা ভোগ করবে।

স্থানীয় সংসদ সদস্য মাওলানা জহিরুল ইসলাম এমপি বলেন, হুমকি দেওয়ার প্রশ্নই আসে না। বাঁশখালী আঞ্চলিক মহাসড়ক সম্প্রসারণ বাঁশখালীর মানুষের প্রাণের দাবি। ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ দিয়েই অধিগ্রহণের কাজ সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ