লুৎফরের জীবন বদলে গেছে নার্সারিতে
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১১-১১-২০২৬ ০১:২৪:২৫ অপরাহ্ন
আপডেট সময় :
১১-১১-২০২৬ ০১:২৪:২৫ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
নবম শ্রেণিতে পড়ার সময় দুপুরের টিফিন বিরতিতে সহপাঠীরা যখন আড্ডা, হৈচৈ ও খাবারে ব্যস্ত থাকত, তখন লুৎফর রহমানের সময় কাটত একটু ভিন্নভাবে। স্কুলের পাশেই সরকারি বনবিভাগের নার্সারিতে ঘুরে ঘুরে পলিব্যাগে চারা ও বীজ রোপণের দৃশ্য দেখতেন তিনি। কৈশোর বয়সের সেই শখ থেকে পরিণত বয়সে এসে তিনি হয়ে উঠেছেন একজন সফল উদ্যোক্তা। পৈতৃক মাত্র ৭ শতাংশ জমি থেকে শুরু করে আজ তিনি ১০ বিঘা জুড়ে গড়ে তুলেছেন ‘মেসার্স পল্লী নার্সারী সেন্টার’। তার এই অনন্য সাফল্য নজর কেড়েছে স্বয়ং প্রধানমন্ত্রীরও।
লুৎফর রহমানের পুরো নাম মো. লুৎফর রহমান সরকার। তার বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের বান্দারদিয়া গ্রামে। ১৯৯৬ সালে শহীদ আসাদ কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দেওয়ার পরপরই ফলাফলের জন্য অপেক্ষা না করে পৈতৃক জমিতে নার্সারির কাজ শুরু করেন তিনি। তবে শুরুতেই বড় ধাক্কা খেতে হয় তাকে। ১৯৯৮ সালের ভয়াবহ বন্যায় ভেসে যায় তার নতুন নার্সারি। দুর্দিনে স্থানীয় কৃষি কর্মকর্তাদের সুপারিশে কৃষি ব্যাংক থেকে পান ১০ হাজার টাকার ঋণ। সেই ঋণের সুবাদেই নতুন উদ্যমে ঘুরে দাঁড়ান তিনি।
ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা মোড় থেকে কয়েক কিলোমিটার উত্তরে শিবপুর ফায়াল সার্ভিস অফিসের পাশেই অবস্থিত তার এই নার্সারি। বর্তমানে প্রায় ১০ বিঘা জমির ওপর সবুজে ঘেরা এই নার্সারিতে দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির প্রায় দেড় লক্ষাধিক চারা রয়েছে। বিদেশি ফলের মধ্যে রামবুটান ও ভিয়েতনামের বারমাসি কাঁঠাল অন্যতম আকর্ষণ। বর্তমানে তার এই নার্সারিতে নিয়মিত ৯ জন পুরুষ ও ৬ জন নারী শ্রমিক কাজ করছেন।
সম্প্রতি ঢাকার আগারগাঁওয়ে অনুষ্ঠিত জাতীয় বৃক্ষমেলায় লুৎফর রহমানের নার্সারির স্টল দেখে মুগ্ধ হন প্রধানমন্ত্রী। বিশেষ করে অসময়ে ভিয়েতনামের কাঁঠাল গাছে ফলন দেখে প্রধানমন্ত্রী তার পিঠ চাপড়ে প্রশংসা করেন। নরসিংদীবাসীর পক্ষ থেকে লুৎফর রহমানও প্রধানমন্ত্রীকে একটি রামবুটান ও একটি ঐতিহ্যবাহী লটকন চারা উপহার দেন।
দীর্ঘ ৩০ বছরের অভিজ্ঞতা থেকে লুৎফর রহমান বলেন, ‘মানুষ মানুষকে ঠকায়, কিন্তু বৃক্ষ কাউকে ঠকায় না’। যে বৃক্ষ রোপণ ও পরিচর্যার মাধ্যমে তিনি নিজের দারিদ্র্য জয় করেছেন, সেই বৃক্ষই আজ তাকে এনে দিয়েছে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের সম্মান ও সাফল্য।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স