শ্রীমঙ্গলে চাপাতি নিয়ে ছাত্রশক্তির নেতা হাসিবের ওপর হামলা
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১০-১১-২০২৬ ০৫:০৫:১৩ অপরাহ্ন
আপডেট সময় :
১০-১১-২০২৬ ০৬:০৬:২১ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর চাপাতি নিয়ে হামলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনে এ হামলা হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে হামলাকারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ভিডিওতে দেখা যায়, রিসোর্টের সামনের সড়ক দিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় করে যাচ্ছিলেন হাসিব আল ইসলাম ও এক তরুণী। এ সময় ভিডিও ধারণকারী ব্যক্তি তাঁকে উদ্দেশ করে গালাগাল করেন। অটোরিকশাটি থামার পর ওই ব্যক্তি হাসিবের সঙ্গে হাত মেলান এবং আবারও তাঁকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। একপর্যায়ে হঠাৎ তাঁর ওপর ঝাঁপিয়ে পড়েন। তখন হাসিব অটোরিকশা থেকে নেমে দৌড়ে পালিয়ে যান। ভিডিওর শেষ অংশে মাটিতে পড়া ছায়ায় হামলাকারীর হাতে চাপাতি থাকার ইঙ্গিত দেখা যায়।
নাম প্রকাশ না করার শর্তে বালিশিরা রিসোর্টের এক কর্মচারী জানান, তিন দিন আগে হাসিব আল ইসলাম ওই রিসোর্টে ওঠেন। মঙ্গলবার চট্টগ্রাম যাওয়ার উদ্দেশে তিনি ও ওই তরুণী রিসোর্ট থেকে বের হয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় চড়েন। কিছু দূর যাওয়ার পর এক ব্যক্তি চাপাতি নিয়ে তাঁদের ওপর হামলা করেন। এ সময় হাসিব দৌড়ে আবার রিসোর্টে ফিরে আসেন। পরে তাঁর হাতে ক্ষত দেখতে পেয়ে রিসোর্ট কর্তৃপক্ষ ব্যান্ডেজ করে রক্তপাত বন্ধের চেষ্টা করে। কিছুক্ষণ পর তাঁরা আবার অটোরিকশায় করে রেলস্টেশনের উদ্দেশে রওনা হন।
এ বিষয়ে বক্তব্য জানতে হাসিব আল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
জাতীয় ছাত্রশক্তি জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) ছাত্রসংগঠন। এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রীতম দাসের বাড়ি শ্রীমঙ্গলে। তিনি বিকেলে বলেন, ঘটনার পর হাসিব ট্রেনে করে কুমিল্লায় যাচ্ছেন। সেখান থেকে তিনি আবার শ্রীমঙ্গলে ফিরবেন। তিনি এলে শ্রীমঙ্গল থানায় মামলা করাসহ পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে।
ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের ইনচার্জ কামরুল হোসেন চৌধুরী বলেন, এ ধরনের একটি ঘটনার কথা শুনেছেন। তবে এ বিষয়ে তাঁদের কাছে কেউ অভিযোগ করেননি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স