হাম উপসর্গে ঝরল আরও পাঁচজনের প্রাণ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১০-১১-২০২৬ ০৩:৫২:০৩ অপরাহ্ন
আপডেট সময় :
১০-১১-২০২৬ ০৩:৫২:০৩ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
দেশে হাম পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৫৭ জন। পাশাপাশি নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন আরও ৮৭ জন।
মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে প্রকাশিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ৯ নভেম্বর সকাল ৮টা থেকে ১০ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হাম রোগে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪১ হাজার ৫৫৬ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২৪ হাজার ৬১০ জন। এ পর্যন্ত সন্দেহজনক হাম উপসর্গে মৃত্যু হয়েছে ১ হাজার ১৮৪ জনের এবং নিশ্চিত হাম রোগে মারা গেছেন ১০৫ জন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৮৯ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৪১৬ জন। সব মিলিয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ১৫ হাজার ৫৪০ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৬ হাজার ৭৯৯ জন।
বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ৫১৪ জন। চট্টগ্রামে ২৩৮, সিলেটে ১৬৫, খুলনায় ১৪৫, বরিশালে ১২৩, ময়মনসিংহে ১০৭, রাজশাহীতে ৩৭ এবং রংপুরে ২৮ জন শনাক্ত হয়েছেন।
অন্যদিকে, হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি টিকা দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সারা দেশে ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জনের লক্ষ্যমাত্রার বিপরীতে এ পর্যন্ত টিকা পেয়েছেন ২ কোটি ১৭ লাখ ৬৪ হাজার ২৩৭ জন। এতে টিকাদানের হার দাঁড়িয়েছে ১২০ দশমিক ৮ শতাংশে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স