বৈঠা হাতে পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, যানবাহন ভাঙচুর
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১০-১১-২০২৬ ০২:০০:৪৭ অপরাহ্ন
আপডেট সময় :
১০-১১-২০২৬ ০৩:৪১:৪৫ অপরাহ্ন
ছবি: ভিডিও থেকে নেওয়া
গভীর রাতে শরীয়তপুরের জাজিরার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় ককটেল বিস্ফোরণ ও কয়েকটি যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টা টোলপ্লাজার কার্যক্রম বন্ধ থাকায় পদ্মা সেতুর দুই পাশে যানবাহন আটকা পড়ে। এতে ব্যাহত হয় যান চলাচল।
সোমবার (৯ নভেম্বর) মধ্যরাতের পর এ ঘটনা ঘটে। রাত দেড়টার দিকে শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছেলে দানিব বিন ইকবালের ফেসবুক আইডিসহ বিভিন্ন আইডি থেকে কর্মসূচির দৃশ্য সরাসরি সম্প্রচার করা হয়। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েক শ মানুষ লগি-বৈঠা হাতে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। ভিডিওতে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নামে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
ভিডিওতে আরও দেখা যায়, অবরোধের কারণে প্রায় এক ঘণ্টা টোল আদায় কার্যক্রম বন্ধ থাকে। এতে সেতুর উভয় প্রান্তে যানবাহনের চলাচল ব্যাহত হয় এবং যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।
পদ্মা সেতুর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, বিভিন্ন দিক থেকে শত শত ছাত্রলীগের নেতাকর্মী লগি-বৈঠা হাতে আকস্মিকভাবে জড়ো হয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা ককটেল বিস্ফোরণ ঘটান এবং কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় বিক্ষোভকারীদের ধাওয়া দিয়ে কর্মসূচি ছত্রভঙ্গ করা হয়।
ওসি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থল থেকে ককটেলের ধ্বংসাবশেষ জব্দ করেছে পুলিশ। বর্তমানে পদ্মা সেতু এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। নতুন করে কোনো সহিংসতার ঘটনাও ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স