ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী: বড় আয়োজনের প্রস্তুতি বিএনপির

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৯-১১-২০২৬ ০৭:৫২:৫৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০৭:৫২:৫৮ অপরাহ্ন
​খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী: বড় আয়োজনের প্রস্তুতি বিএনপির ​ফাইল ছবি
বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী বড় পরিসরে পালনের পরিকল্পনা করছে দলটি।

এই আয়োজনের প্রস্তুতি নিতে দলের স্থায়ী কমিটির তিন সিনিয়র সদস্যকে দায়িত্ব দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

মৃত্যুবার্ষিকীর কর্মসূচি ও আয়োজনের ধরন নিয়ে আলোচনা করতে সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করেছেন নেতারা। আয়োজনের দায়িত্বপ্রাপ্ত তিন নেতা হলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এবং দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বৈঠকের বিষয়ে সমাজকল্যাণমন্ত্রী ও দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন জানান, বৈঠকে তিনি ছাড়াও সালাহউদ্দিন আহমদ, রুহুল কবির রিজভীসহ দলের কয়েকজন সিনিয়র নেতা উপস্থিত ছিলেন।

আয়োজনের ধরন সম্পর্কে জানতে চাইলে জাহিদ হোসেন বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের নেত্রী, দেশের সাধারণ মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি সর্বজনগ্রাহ্য একজন নেতা ছিলেন। দেশের মানুষের তার প্রতি শ্রদ্ধা রয়েছে। সেই বিষয়টি বিবেচনায় রেখে পরিপূর্ণ ভাবগাম্ভীর্য বজায় রেখেই কর্মসূচি পালন করা হবে।’ তিনি আরও জানান, আয়োজনের বিস্তারিত রূপরেখা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তারা এমন একটি স্মরণীয় আয়োজন করতে চান, যা সবার কাছে গ্রহণযোগ্য হবে।

২০২৫ সালের ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। লিভার ও কিডনি জটিলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ বিভিন্ন দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন তিনি। ওই বছরের ২৩ নভেম্বর থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর মৃত্যুতে সে সময় রাষ্ট্রীয়ভাবে তিন দিনের এবং বিএনপির পক্ষ থেকে সাত দিনের শোক পালন করা হয়েছিল।

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিতি পাওয়া খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বড় সময় কেটেছে রাজপথের আন্দোলনে। বিভিন্ন সময় তিনি গ্রেপ্তার হয়েছেন, কারাবরণ করেছেন, তবে কখনো দেশ ছেড়ে যাননি। সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে কখনো পরাজিতও হননি এই নেত্রী।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ