ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নির্দেশ অমান্য করায় ৬৬ সেনার মৃত্যুদণ্ড

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৯-১১-২০২৬ ০১:০৭:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০৩:২৫:০৬ অপরাহ্ন
নির্দেশ অমান্য করায় ৬৬ সেনার মৃত্যুদণ্ড ফাইল ছবি
যুদ্ধের ময়দানে শত্রুর মুখোমুখি হয়ে কাপুরুষতা, বিদ্রোহ ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ অমান্য করার দায়ে আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) ৬৬ সেনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির সামরিক আদালত।

রোববার (৮ নভেম্বর) স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জাতিসংঘের সংবাদমাধ্যম রেডিও ওকাপির তথ্য অনুযায়ী, দেশটির উত্তর কিভু প্রদেশের গোমা গ্যারিসন সামরিক আদালতে এ বিচার অনুষ্ঠিত হয়। এতে ৭০ জনের বেশি সেনা অংশ নেন। তাদের মধ্যে চারজনকে খালাস দেওয়া হয়েছে। আর একজনকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালত অভিযুক্তদের বিরুদ্ধে বিদ্রোহ, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ অমান্য এবং শত্রুর মুখোমুখি হয়ে কাপুরুষতা প্রদর্শনের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেনারা কঙ্গো সেনাবাহিনীর ৩৪১৫তম রেজিমেন্টের সদস্য। গত ২০ অক্টোবর ওয়ালিকালে এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছিল। সেখানে তারা এসব অপরাধে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

দেশটির সেনাবাহিনী জানিয়েছে, পূর্ব কঙ্গোর চলমান নিরাপত্তা সংকটের মধ্যে সশস্ত্র বাহিনীর শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা জোরদার করতেই এ বিচার কার্যক্রমের অন্যতম লক্ষ্য ছিল।

এর আগে গত অক্টোবরেও কঙ্গোর একটি সামরিক আদালত ২৭ সেনাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। যুদ্ধের সম্মুখসারির অবস্থান ছেড়ে পিছু হটার কারণে তাদের বিরুদ্ধে কাপুরুষতার অভিযোগ আনা হয়েছিল। তারা এএফসি/এম২৩ বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছিলেন।

এদিকে পূর্ব কঙ্গোতে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। স্থানীয় সূত্রগুলোর বরাতে জানা গেছে, এম২৩-সহ একাধিক বিদ্রোহী গোষ্ঠীর সমন্বয়ে গঠিত রিফাউন্ডেশন অব দ্য নেশন (এফআরএন) জোটের সঙ্গে সরকারি বাহিনীর লড়াই চলছে।

এমন পরিস্থিতিতে সেনাবাহিনীর সদস্যদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে কঙ্গো সরকার।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ