১৮ ডিসেম্বর মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা, আবেদন শুরু নভেম্বরে
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৮-১১-২০২৬ ০৩:৩৫:৩৬ অপরাহ্ন
আপডেট সময় :
০৮-১১-২০২৬ ০৩:৩৬:৩৫ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ জন্য আগামী দু-এক দিনের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে। অনলাইনে আবেদন গ্রহণ শুরু হতে পারে ১৫ থেকে ১৮ নভেম্বরের মধ্যে।
শনিবার (৭ নভেম্বর) রাতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, প্রাথমিকভাবে ৪ ডিসেম্বর মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশে বিলম্ব হওয়ায় ওই তারিখে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না।
এ ছাড়া আগামী ১১ ডিসেম্বর ৫১তম বিসিএসের লিখিত পরীক্ষা থাকায় ১৮ ডিসেম্বর মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভর্তি বিজ্ঞপ্তি ও আবেদনের সময়সূচি প্রসঙ্গে অধ্যাপক নাজমুল হোসেন বলেন, আগামী দু-এক দিনের মধ্যেই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আর ১৫ থেকে ১৮ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হতে পারে।
এদিকে, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আগামী ১ ডিসেম্বর পুনঃপরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে ওই পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ২০২৬-২৭ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো সিদ্ধান্ত জানা যায়নি।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স