কুয়াকাটায় ভ্যান উলটে মিটফোর্ড হাসপাতালের নারী চিকিৎসক নিহত
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৮-১১-২০২৬ ১১:২২:২৭ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৮-১১-২০২৬ ১১:২২:২৭ পূর্বাহ্ন
ফাইল ছবি
পটুয়াখালীর কুয়াকাটায় ভ্রমণে এসে মোটরচালিত ভ্যান উলটে নাবিলা নুসরাত (৩২) নামে এক চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী ডা. মাইনুল ইসলাম শুভ।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কুয়াকাটার মিশ্রীপাড়া বৌদ্ধবিহার পরিদর্শনে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
নাবিলা নুসরাত রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে কর্মরত ছিলেন। আহত ডা. মাইনুল ইসলাম শুভ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত বলে জানিয়েছেন।
ডা. মাইনুল ইসলাম শুভর ভাষ্য, শুক্রবার তারা ঢাকা থেকে কুয়াকাটায় বেড়াতে এসে ওশান ভিউ হোটেলে রাতযাপন করেন। শনিবার বিকালে একটি মোটরচালিত ভ্যানে করে মিশ্রীপাড়া বৌদ্ধবিহার দেখতে যাওয়ার পথে একটি বিড়াল ওই ভ্যানের চাকার নিচে পড়ে। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ভ্যানটি উলটে যায়। এ সময় ভ্যানে থাকা তারা দুজনসহ আরও দুই পর্যটক ছিটকে পড়েন।
তিনি বলেন, দুর্ঘটনায় তার স্ত্রীর মাথা ভ্যানের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডা. মাইনুল আরও জানান, তার স্ত্রী ৪২তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন।
কলাপাড়া থানার পরিদর্শক (ভারপ্রাপ্ত) ইলিয়াস তালুকদার বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গেছে। নিহতের সঙ্গে থাকা ব্যক্তি নিজেকে তার স্বামী পরিচয় দিয়েছেন। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স