ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রিতে ওমরাহ পালনের সুযোগ, আবেদন করবেন যেভাবে

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৭-১১-২০২৬ ০৬:৪৭:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-১১-২০২৬ ০৬:৪৭:৩৫ অপরাহ্ন
ফ্রিতে ওমরাহ পালনের সুযোগ, আবেদন করবেন যেভাবে ​ছবি: সংগৃহীত
পবিত্র ওমরাহ পালনের ইচ্ছা থাকলেও আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেকের পক্ষেই তা সম্ভব হয় না। এবার সেই স্বপ্ন পূরণের সুযোগ তৈরি করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। দেশটির ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে একটি বিশেষ প্রতিযোগিতায় অংশ নিয়ে সম্পূর্ণ বিনা খরচে ওমরাহ পালনের প্যাকেজ জেতার সুযোগ পাচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা।

প্রতিযোগিতায় প্রতিদিন কুইজ ও লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে। বিশেষ বিষয় হলো, নির্বাচিত প্রত্যেক বিজয়ী নিজের সঙ্গে পরিবারের একজন সদস্য অথবা পছন্দের অন্য একজনকেও বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ দিতে পারবেন।

প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ১ নভেম্বর শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত। পুরো নভেম্বর মাসে প্রতিদিন একজন করে বিজয়ী নির্বাচনের কথা রয়েছে।

বিজয়ীদের ওমরাহ পালনের যাবতীয় নির্ধারিত খরচ বহন করবে সৌদি সরকার। প্যাকেজের আওতায় থাকছে নিজ দেশ থেকে সৌদি আরবে যাওয়া-আসার বিমান টিকিট, ওমরাহ ভিসা প্রক্রিয়াকরণ এবং পবিত্র মক্কা ও মদিনায় মোট ১০ রাত হোটেলে থাকার ব্যবস্থা। বিজয়ীর পাশাপাশি তাঁর মনোনীত একজনও একই সুবিধা পাবেন।

এদিকে, ওমরাহ প্যাকেজের পাশাপাশি প্রতিদিন লটারির মাধ্যমে আরও ১০ জনকে দেওয়া হবে জমজমের পানির বিশেষ কার্ড। প্রতিটি কার্ডে থাকবে ২০টি কুপন। এর মধ্যে ১০টি নিজের ব্যবহারের জন্য এবং বাকি ১০টি অন্যদের উপহার হিসেবে দেওয়ার সুযোগ থাকবে।

যেভাবে অংশ নেবেন প্রতিযোগিতায়

বিশ্বের বিভিন্ন দেশের ১৮ বছর বা তার বেশি বয়সী মুসলমানরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। এ জন্য প্রথমে স্মার্টফোনে নুসুকের অফিশিয়াল অ্যাপ ডাউনলোড করে নিবন্ধন করতে হবে।

নিবন্ধনের সময় আবেদনকারীকে নিজের নাম, ইমেইল ঠিকানা, দেশ এবং পাসপোর্টসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য দিতে হবে। এরপর ইমেইলে পাঠানো এককালীন পাসওয়ার্ড বা ওটিপি কোডের মাধ্যমে অ্যাকাউন্ট যাচাই করতে হবে।

নিবন্ধন সম্পন্ন হলে অ্যাপের ‘গেম সেন্টার’ অথবা ‘নুসুক চ্যালেঞ্জ’ বিভাগে প্রবেশ করে প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে। সেখানে ইসলামিক ইতিহাস, পবিত্র কোরআন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন এবং ওমরাহসংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হবে। সঠিক উত্তর দেওয়া অংশগ্রহণকারীদের নাম প্রতিদিনের লটারির জন্য বিবেচিত হবে।

এ ছাড়া ইনভাইট কোড ব্যবহার করে বন্ধু বা পরিবারের সদস্যদের প্রতিযোগিতায় আমন্ত্রণ জানালে অতিরিক্ত ডিজিটাল চাবি পাওয়ার সুযোগ রয়েছে। এসব চাবি প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে বাড়তি সুযোগ তৈরি করবে।

যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নুসুকের অফিশিয়াল অ্যাপ ও যাচাইকৃত মাধ্যম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। শুধু নিবন্ধন কিংবা কুইজে অংশ নিলেই ওমরাহ প্যাকেজ পাওয়া নিশ্চিত নয়। প্রতিদিন লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে।

তাই প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে নির্ধারিত নিয়ম ও শর্ত ভালোভাবে জেনে নেওয়া জরুরি। পাশাপাশি ভুয়া ওয়েবসাইট, অননুমোদিত লিংক কিংবা অর্থ দাবি করা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতারণা থেকে সতর্ক থাকতে হবে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ