রাতে সূর্যের আলো বিক্রির পরিকল্পনা, ঘণ্টায় ৫০০০ ডলার
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৫-১১-২০২৬ ০৭:০০:২৭ অপরাহ্ন
আপডেট সময় :
০৫-১১-২০২৬ ০৭:০২:৫৪ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
রাতের অন্ধকারে পৃথিবীর বিভিন্ন স্থানে সূর্যের আলো পৌঁছে দিতে মহাকাশে ৫০ হাজার আয়নাযুক্ত কৃত্রিম উপগ্রহ বসানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের স্টার্টআপ প্রতিষ্ঠান রিফ্লেক্ট অরবিটাল। প্রতিষ্ঠানটির দাবি, এসব আয়নার মাধ্যমে সূর্যের আলো প্রতিফলিত করে পৃথিবীর নির্দিষ্ট এলাকায় পাঠানো যাবে। তবে এতে রাতের আকাশের স্বাভাবিক অন্ধকার নষ্ট হওয়া এবং মহাকাশ গবেষণা ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন জ্যোতির্বিজ্ঞানীরা।
রিফ্লেক্ট অরবিটাল নিজেদের ‘সানলাইট অ্যাজ আ সার্ভিস’ বা সেবা হিসেবে সূর্যের আলো সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচয় দেয়। তাদের পরিকল্পনা অনুযায়ী, গ্রাহকেরা প্রয়োজন অনুযায়ী রাতে সূর্যের আলো ব্যবহারের সুযোগ পাবেন। সৌর প্যানেল থেকে বিদ্যুৎ উৎপাদন কিংবা রাতের বেলা অনুসন্ধান ও উদ্ধার অভিযানে এই আলো কাজে লাগতে পারে। প্রতি ঘণ্টায় এ সেবার মূল্য ধরা হয়েছে ৫ হাজার ডলার।
তবে বিজ্ঞানীদের আশঙ্কা, কৃত্রিম এই আলো পৃথিবীর পরিবেশ ও জীবজগতের স্বাভাবিক ছন্দে প্রভাব ফেলবে। ইউরোপিয়ান সাউদার্ন অবজারভেটরির (ইএসও) তথ্য অনুযায়ী, পরিকল্পিত ৫০ হাজার উপগ্রহ কক্ষপথে স্থাপন করা হলে সামগ্রিকভাবে রাতের আকাশের উজ্জ্বলতা বর্তমানের তুলনায় তিন থেকে চার গুণ বেড়ে যেতে পারে।
একটি গবেষণায় বলা হয়েছে, ৫৪ মিটার আয়নাযুক্ত উপগ্রহ থেকে প্রতিফলিত আলো চাঁদের আলোর চেয়ে ৪০ গুণ বেশি উজ্জ্বল হতে পারে। এতে ভূপৃষ্ঠ থেকে মহাকাশ পর্যবেক্ষণ কঠিন হয়ে পড়বে।
তবে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী বেন নওয়াক এসব উদ্বেগ উড়িয়ে দিয়েছেন। তার মতে, নতুন প্রযুক্তি নিয়ে মানুষের ভয় থাকাটাই স্বাভাবিক।
গত ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিশাল ফ্লাডলাইট ব্যবহার করে প্রযুক্তিটির পরীক্ষা চালায় প্রতিষ্ঠানটি। এখনো তাদের কোনো উপগ্রহ মহাকাশে নেই। তবে ভারতের স্কাইরুট অ্যারোস্পেসের সঙ্গে প্রথম উপগ্রহ উৎক্ষেপণের পরিকল্পনা করছে তারা।
প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্পদার্থবিদ গাসপার বাকোসের আশঙ্কা, এই উদ্যোগ ভূপৃষ্ঠ থেকে মহাকাশ পর্যবেক্ষণের অবসান ঘটাতে পারে। অন্যদিকে আলাবামা বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী মিশেল উটেনের প্রশ্ন, রাতের আকাশের মালিক কে? তাঁর মতে, রাতের আকাশ দেখতে কেমন হবে, সে বিষয়ে মানুষের মতামত দেয়ার অধিকার থাকা উচিত।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স