ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​পুরস্কার ঘোষণার মাইকিংয়ের দুই রাত পরেই ফের ট্রান্সফরমার চুরি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৫-১১-২০২৬ ০৫:০১:২১ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-১১-২০২৬ ০৫:০১:২১ অপরাহ্ন
​পুরস্কার ঘোষণার মাইকিংয়ের দুই রাত পরেই ফের ট্রান্সফরমার চুরি ​ছবি: সংগৃহীত
টাঙ্গাইলের সখিপুরে একের পর এক বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা থামানোই যাচ্ছে না। চোর ধরে দিতে পুরস্কার ঘোষণা করে এলাকায় মাইকিং করার মোটে দুই রাত পর আবারও রাতের আঁধারে একটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এই চুরির ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন শতাধিক গ্রাহক।

বুধবার (৪ নভেম্বর) গভীর রাতে উপজেলার বহুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বহুরিয়া উত্তরপাড়া এলাকায় এই চুরির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় একের পর এক ট্রান্সফরমার চুরির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বেড়েই চলেছে। কর্তৃপক্ষ পুরস্কার ঘোষণা, মাইকিং ও নানা সচেতনতামূলক কার্যক্রম চালালেও চুরি বন্ধ না হওয়ায় বিদ্যুৎ বিভাগের নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি নিয়ে তীব্র প্রশ্ন তুলছেন এলাকাবাসী।

বহুরিয়া এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম রফিক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা এ ধরনের চুরির অত্যাচার থেকে পরিত্রাণ চাই। ট্রান্সফরমার চুরির কারণে বারবার আমাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। রাষ্ট্রের সম্পদ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে, তবে এ ক্ষেত্রে বিদ্যুৎ বিভাগকেও মূল দায়িত্ব নিতে হবে। ট্রান্সফরমার সুরক্ষায় কার্যকর নিরাপত্তা ব্যবস্থা ও নিয়মিত নজরদারি নিশ্চিত করা জরুরি।’

এ বিষয়ে সখিপুর বিদ্যুৎ বিতরণ ও বিক্রয় বিভাগের প্রকৌশলী মো. এনামুল হক মুঠোফোনে জানান, ‘ট্রান্সফরমার চুরি বন্ধে আমরা টহল ব্যবস্থা চালুর উদ্যোগ নিচ্ছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি প্রতিটি এলাকায় ট্রান্সফরমারের কাছাকাছি যাদের বাড়ি রয়েছে, তাদের সতর্ক ও সজাগ থাকার অনুরোধ করছি। আশপাশে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখলে দ্রুত পুলিশ বা বিদ্যুৎ বিভাগকে খবর দেওয়ার আহ্বান জানাই।’

উল্লেখ্য, বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করে বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছিল। এরপরও চুরি অব্যাহত থাকায় কেবল ঘোষণা ও প্রচারণায় সীমাবদ্ধ না থেকে কার্যকর নজরদারি, নিয়মিত টহল এবং চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ