নিহত শ্রমিকের গায়েবানা জানাজায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপের অভিযোগ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৪-১১-২০২৬ ০২:৪১:৪৬ অপরাহ্ন
আপডেট সময় :
০৪-১১-২০২৬ ০২:৪১:৪৬ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
গাজীপুরের চান্দনা চৌরাস্তায় শ্রমিক আন্দোলনে নিহত পোশাকশ্রমিক তৌফিক মিয়ার গায়েবানা জানাজা পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মুখে পণ্ড হয়ে গেছে। এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাধা দেন এবং পরে সাউন্ড গ্রেনেড ছুড়ে জমায়েত ছত্রভঙ্গ করে দেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার (৪ নভেম্বর) বেলা পৌনে ১টার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুরে সম্প্রতি গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলা আন্দোলনে হামলায় আহত গাইবান্ধার গোবিন্দগঞ্জের তৌফিক মিয়া (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত ওই শ্রমিকের আত্মার মাগফেরাত কামনায় মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে চান্দনা চৌরাস্তায় গায়েবানা জানাজার কর্মসূচি ঘোষণা করেছিল এনসিপি। পূর্বঘোষণা অনুযায়ী সেখানে জড়ো হয়ে সংক্ষিপ্ত বক্তব্যে অংশ নেন এনসিপি ও শ্রমিক শক্তির নেতারা। পরে এনসিপির কেন্দ্রীয় নেতা আলী নাসের খান বক্তব্য শেষ করে জানাজা শুরু করতে চাইলে পুলিশ ও বিজিবি সদস্যরা তাতে বাধা দেন। বাধা উপেক্ষা করে জানাজা পড়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে লোকজনকে ছত্রভঙ্গ করে দেয়।
ঘটনার পর এনসিপির কেন্দ্রীয় নেতা আলী নাসের খান অভিযোগ করে বলেন, ‘পুলিশ আমাদের শান্তিপূর্ণ গায়েবানা জানাজার কর্মসূচিতে অতর্কিত বাধা দিয়েছে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। আমরা নিহত পোশাকশ্রমিক তৌহিদ হত্যার বিচার দাবি করছি এবং শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি।’
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স