তীব্র শ্রমিক অসন্তোষের মাঝেই শুরু মজুরি বোর্ডের প্রথম সভা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৪-১১-২০২৬ ১২:১৯:২০ অপরাহ্ন
আপডেট সময় :
০৪-১১-২০২৬ ০১:১৪:০৭ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
তৈরি পোশাকশিল্পের শ্রমিক-কর্মচারীদের জন্য নতুন নিম্নতম মজুরি নির্ধারণের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। এ লক্ষ্যে প্রথমবারের মতো বৈঠকে বসেছে সরকার গঠিত নিম্নতম মজুরি বোর্ড। ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে দেশজুড়ে পোশাকশ্রমিকদের চলমান তীব্র আন্দোলন ও অস্থিরতার মাঝেই এই উদ্যোগ নেওয়া হলো।
বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টা ২৫ মিনিটে রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে সভা শুরু হয়। বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিচারক আজাদ সুবহানী।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন এই বোর্ডের সভার নোটিশে বলা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুসারে তৈরি পোশাকশিল্পের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য নতুন নিম্নতম মজুরি হারের সুপারিশ তৈরি করাই এ সভার মূল উদ্দেশ্য।
সভায় শুরুতে বোর্ডের সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর শ্রমিক ও কর্মচারীদের নতুন মজুরি কাঠামো নির্ধারণের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ও আলোচ্যসূচিতে রাখা হয়েছে।
এর আগে গত ১ নভেম্বর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের জন্য ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। প্রাথমিকভাবে বিচারপতি আশফাকুর রহমানকে বোর্ডের চেয়ারম্যান করা হয়েছিল। পরে চেয়ারম্যানের দায়িত্বে পরিবর্তন আনা হয়।
বোর্ডের নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মুসলিউদ্দিন আহমেদ। মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে আছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব। শ্রমিকপক্ষের প্রতিনিধি করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনকে।
এ ছাড়া তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালক এ বি এম শামসুদ্দিন মালিকপক্ষের প্রতিনিধি এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তার শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বোর্ডে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে বিভিন্ন পোশাকশিল্প এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ও কর্মসূচি চলছে। নতুন মজুরি বোর্ডের কার্যক্রম শুরুর ফলে শ্রমিকদের দীর্ঘদিনের মজুরি বৃদ্ধির দাবি নিয়ে আলোচনার প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স