এক দিনে হাসপাতালে ভর্তি ২ হাজার ১০ জন
ডেঙ্গুতে আরও ছয় প্রাণ ঝরল
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৩-১১-২০২৬ ০৫:৩৫:৫০ অপরাহ্ন
আপডেট সময় :
০৩-১১-২০২৬ ০৫:৫৬:৫০ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
দেশে ডেঙ্গুর প্রকোপ আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১০ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩৯ জনে। আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৪০ হাজার।
মঙ্গলবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা এবং স্বাস্থ্য জরুরি পরিচালনাকেন্দ্র ও নিয়ন্ত্রণকক্ষের দেওয়া সর্বশেষ তথ্য থেকে এসব বিষয় জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে পাঁচজন ঢাকা বিভাগের এবং একজন বরিশাল বিভাগের বাসিন্দা।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৯৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ সময়ে এ বিভাগে পাঁচজনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে ২৪৫, খুলনায় ২৩৫, রাজশাহীতে ২১৯, বরিশালে ২১৯, রংপুরে ৬৫, ময়মনসিংহে ৬০ এবং সিলেটে ২৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা ৫ হাজার ৮৭৬ জন ডেঙ্গু রোগীর মধ্যে সবচেয়ে বেশি ২ হাজার ৫২৬ জন ঢাকা বিভাগে। এ ছাড়া খুলনায় ৯৮২, বরিশালে ৬৭৮, রাজশাহীতে ৬৫৩, চট্টগ্রামে ৪২১, ময়মনসিংহে ৩১৯, রংপুরে ২২২ এবং সিলেটে ৭৫ জন চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪০ হাজার ৯০৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৫৯৪ জন। এ সময়ে মারা গেছেন ৪৩৯ জন।
গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছর ডেঙ্গুর প্রকোপ অনেক বেড়েছে। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭২ হাজার ৮২২ জন। মৃত্যু হয়েছিল ২৮৮ জনের। সেই হিসাবে গত বছরের তুলনায় চলতি বছর আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ এবং মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে।
এ পরিস্থিতিতে ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স