ঢাকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কাতারের সঙ্গে নতুন চুক্তিতে মার্কিন জ্বালানির দিকে নজর ভারতের

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৩-১১-২০২৬ ০৪:০৭:২০ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-১১-২০২৬ ০৪:০৭:২০ অপরাহ্ন
কাতারের সঙ্গে নতুন চুক্তিতে মার্কিন জ্বালানির দিকে নজর ভারতের ফাইল ছবি
ইরান যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটায় আমদানির বিকল্প উৎস খুঁজছে ভারত। এ অবস্থায় যুক্তরাষ্ট্র থেকে কেনা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কাতারের সঙ্গে নতুন সরবরাহ চুক্তির আওতায় আনার ভারতের অনুরোধ বিবেচনা করতে রাজি হয়েছে কাতার।

মঙ্গলবার ভারতের রাষ্ট্রায়ত্ত জ্বালানি আমদানিকারক প্রতিষ্ঠান পেট্রোনেট এলএনজির (পিএলএনজি) এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানান।

রয়টার্স জানায়, ভারতের সবচেয়ে বড় গ্যাস আমদানিকারক প্রতিষ্ঠান পেট্রোনেট এলএনজি লিমিটেড ২০২৮ সাল থেকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে এলএনজি কেনার বিষয়ে কাতারের সঙ্গে আলোচনা করছে। প্রতিষ্ঠানটির গ্রুপ জেনারেল ম্যানেজার বিবেক মিত্তাল বিশ্লেষকদের সঙ্গে এক আলোচনায় এ তথ্য জানান। ভারতে সবচেয়ে বেশি এলএনজি সরবরাহ করে কাতার।

বর্তমানে পেট্রোনেটকে বছরে ৭৫ লাখ মেট্রিক টন এলএনজি সরবরাহের চুক্তি রয়েছে দেশটির। ২০২৮ সালের এপ্রিলে এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে চুক্তিটি আরো ২০ বছরের জন্য নবায়ন করা হয়েছে। নতুন চুক্তি অনুযায়ী, ২০৪৮ সাল পর্যন্ত ভারতকে এলএনজি সরবরাহ করবে কাতার।

কাতারের সঙ্গে নতুন চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে কেনা এলএনজি সরবরাহ করা যাবে কি না, এমন প্রশ্নের জবাবে বিবেক মিত্তাল বলেন, ২০২৮ সালে শুরু হতে যাওয়া নতুন চুক্তিতে গ্যাস সরবরাহের উৎস বাড়ানোর বিষয়ে কাতারের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি আরো জানান, ভারতের এই প্রস্তাব বিবেচনা করতে রাজি হয়েছে কাতার। 

অন্য দেশ থেকে কাতারের কেনা জ্বালানির একটি নির্দিষ্ট অংশ ভারতকে দেওয়ার প্রস্তাবও দিতে পারে দেশটি। গত মাসে যুক্তরাষ্ট্রের উডসাইডের বিভিন্ন স্থাপনা থেকে বছরে ৩০ লাখ মেট্রিক টন এলএনজি কেনার জন্য ২০ বছরমেয়াদি চুক্তি করেছে কাতারএনার্জি। ২০৩০ সাল থেকে এই সরবরাহ শুরু হওয়ার কথা।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের চেনিয়ার এনার্জির সঙ্গে দুটি চুক্তি করেছে কাতারএনার্জি। এসব চুক্তির আওতায় ২০৫৪ সাল পর্যন্ত বছরে সর্বোচ্চ ৪০ লাখ মেট্রিক টন এলএনজি কেনার সুযোগ থাকবে। যুক্তরাষ্ট্রের সাবিন পাস ও করপাস ক্রিস্টি স্থাপনা থেকে এসব গ্যাস সরবরাহ করা হবে। 

ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়া এবং কাতারের রাস লাফান গ্যাস স্থাপনায় হামলার পর গত মার্চে চুক্তি অনুযায়ী এলএনজি সরবরাহ করতে না পারার কথা জানায় কাতারএনার্জি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ পরিস্থিতি আপাতত ডিসেম্বর পর্যন্ত চলতে পারে।

মধ্যপ্রাচ্যের সংকটের কারণে ভারত এখন যুক্তরাষ্ট্র, ওমান, নাইজেরিয়া, অ্যাঙ্গোলা ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ থেকে জ্বালানি আমদানি করছে। এদিকে কাতার থেকে এলএনজি সরবরাহ বন্ধ থাকায় তিনটি গ্যাসবাহী জাহাজের ভাড়া চুক্তিও স্থগিত করেছে পেট্রোনেট।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ