কড়া নিরাপত্তায় ভক্তদের সামনে অমিতাভ বচ্চন
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৩-১১-২০২৬ ০৩:০৯:২৪ অপরাহ্ন
আপডেট সময় :
০৩-১১-২০২৬ ০৩:০৯:২৪ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
মুম্বাইয়ের জুহুতে নিজের বাসভবন ‘জলসা’র বাইরে প্রতি রোববার ভক্তদের সঙ্গে দেখা করার দীর্ঘদিনের রীতি রয়েছে বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের। তবে গত রোববার সেই পরিচিত আয়োজনে দেখা গেছে ভিন্ন চিত্র। এবার ভক্তদের সামনে হাজির হলেও তাঁকে দেখা গেছে স্বচ্ছ বুলেটপ্রুফ কাচের বিশেষ নিরাপত্তা বেষ্টনীর ভেতরে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি অজ্ঞাতপরিচয় একটি ই-মেইলে অমিতাভ বচ্চনের বাসভবনে বোমা হামলার হুমকি দেওয়া হয়। এরপর মুম্বাই পুলিশের পরামর্শে বাড়তি নিরাপত্তার অংশ হিসেবে তাঁর বাড়িতে স্বচ্ছ বুলেটপ্রুফ কাচের এই বেষ্টনী তৈরি করা হয়।
কাচের ঘেরাটোপের ভেতরে দাঁড়িয়েই হাত নেড়ে ভক্তদের অভিবাদন জানান অমিতাভ। এ সময় তাঁর পাশে ছিলেন ছেলে অভিষেক বচ্চন। পুরো আয়োজনজুড়ে নিরাপত্তারক্ষীদের কঠোর নজরদারি ছিল।
নিরাপত্তা জোরদারের পেছনে রয়েছে সাম্প্রতিক একাধিক হুমকির ঘটনা। জানা গেছে, মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়েসহ শীর্ষ কর্মকর্তাদের কাছে একটি হুমকিমূলক ই-মেইল পাঠানো হয়েছে। এতে মেয়রের কার্যালয়, গায়ক দিলজিৎ দোসাঞ্জের কনসার্ট, অমিতাভ বচ্চনের বাসভবন জলসা এবং কয়েকটি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়।
৩১ অক্টোবর থেকে ২৭ নভেম্বরের মধ্যে এসব হামলা হতে পারে বলে ই-মেইলে উল্লেখ করা হয়েছে। এ কারণে মুম্বাই পুলিশসহ অন্যান্য নিরাপত্তা সংস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
এদিকে বলিউড তারকাদের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। সম্প্রতি মুম্বাইয়ের জুহুতে অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে।
ওই ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে, অমিতাভ বচ্চনসহ বলিউডের বেশ কয়েকজন শীর্ষ তারকার বাড়ির বাইরে আগে থেকেই রেকি করেছিল অভিযুক্তরা।
এমন পরিস্থিতিতে অমিতাভ বচ্চনের বাসভবন ঘিরে অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। বাড়ির সামনে বসানো হয়েছে ব্যারিকেড এবং স্থাপন করা হয়েছে বুলেটপ্রুফ কাচের বিশেষ আবরণ।
তবে নিরাপত্তার কড়াকড়ি ও হামলার হুমকির মধ্যেও ভক্তদের সঙ্গে দীর্ঘদিনের রোববারের সাক্ষাতের রীতি বজায় রেখেছেন অমিতাভ। বাড়তি সুরক্ষার মধ্যে থেকেও অনুরাগীদের সঙ্গে তাঁর এই নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স