ঢাকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৩-১১-২০২৬ ০২:৪৯:৪৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-১১-২০২৬ ০৩:০৫:৩১ অপরাহ্ন
মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু ছবি : সংগৃহীত
তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি কমিশন গঠন করা হয়েছে। তাই এখন আর আন্দোলন করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে সাভার উপজেলা পরিষদে তৈরি পোশাকশিল্পের চলমান অস্থিরতা নিয়ে আয়োজিত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকদের দাবি ছিল মজুরি কমিশন গঠন করা। তাদের দাবি বিবেচনায় নিয়ে ইতিমধ্যে কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। মালিকপক্ষসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে কমিশন মজুরির বিষয়ে সিদ্ধান্ত নেবে। শ্রমিকদের স্বার্থ রক্ষার বিষয়টি সব সময় গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

তিনি বলেন, মজুরি কমিশন গঠনের পর শ্রমিকেরা কাজে ফিরে গেছেন। বর্তমানে সাভার ও আশপাশের এলাকার পরিবেশ অত্যন্ত শান্ত ও স্বাভাবিক রয়েছে। কোথাও কোনও সমস্যা নেই।

শ্রমিক অসন্তোষকে কাজে লাগিয়ে তৃতীয় পক্ষ পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে অভিযোগ করে টুকু বলেন, ফ্যাসিবাদের দোসররা এই পরিস্থিতিতে সুযোগ নিতে চেয়েছিল। তবে প্রশাসন তৎপর রয়েছে এবং জনগণও এ বিষয়ে সচেতন। কেউ যাতে পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সে বিষয়ে সবাই একমত।

প্রতিমন্ত্রী আরও বলেন, ফ্যাসিবাদের বিদায় হয়েছে। ষড়যন্ত্র করে ঘোলা পানিতে মাছ শিকারের সুযোগ নেই। বর্তমান গণতান্ত্রিক সরকার জনগণের স্বার্থ রক্ষায় কাজ করছে। শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে মজুরি কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করি, এখন থেকে শিল্পাঞ্চলের পরিবেশ স্বাভাবিক থাকবে।

এদিকে ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোস্তাফিজুর রহমান বলেন, শ্রমিক বিক্ষোভের ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। অবৈধভাবে আন্দোলনে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, সাভার ও আশুলিয়ার পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন।

বৈঠকে স্থানীয় সংসদ সদস্য চিকিৎসক দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু উপস্থিত ছিলেন।
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ