ঢাকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এভারেস্ট অঞ্চলে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, ভারতীয় পর্যটক নিহত

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৩-১১-২০২৬ ০১:১৯:৪৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-১১-২০২৬ ০১:২০:২৯ অপরাহ্ন
এভারেস্ট অঞ্চলে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, ভারতীয় পর্যটক নিহত ​ছবি: সংগৃহীত
নেপালের মাউন্ট এভারেস্ট অঞ্চলে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষে এক ভারতীয় পর্যটক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন নিউজিল্যান্ডের এক নাগরিক ও দুই পাইলট। আহতদের উদ্ধার করে কাঠমান্ডুতে নেয়া হয়েছে। দুর্ঘটনার সময় হেলিকপ্টার দুটিতে কতজন যাত্রী ছিলেন, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট বলছে, মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে সোলুখুম্বু জেলার ফেরিচে এলাকায় ফিশটেইল এয়ার ও এয়ার ডাইনেস্টির হেলিকপ্টার দুটির সংঘর্ষের এই ঘটনা ঘটে। সোলুখুম্বু জেলার প্রধান জেলা কর্মকর্তা কামান সিং থাপা মাগার রয়টার্সকে বলেন, আহত নিউজিল্যান্ডের নাগরিককে উদ্ধার করা হয়েছে। মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলেও জানান তিনি।

হেলিকপ্টার দুটি পরিচালনা করছিল বেসরকারি প্রতিষ্ঠান ফিশটেইল এয়ার ও ডাইনেস্টি এয়ার। ফিশটেইল এয়ার এক বিবৃতিতে জানায়, তাদের হেলিকপ্টারটি এভারেস্ট অঞ্চল থেকে উদ্ধার করা যাত্রীদের নিয়ে অবতরণের সময় দুর্ঘটনায় পড়ে।

ফিশটেইল এয়ারের এক কর্মকর্তা জানান, হেলিকপ্টারটিতে থাকা ভারতীয় ও নিউজিল্যান্ডের নাগরিক দুজনই পর্যটক ছিলেন। অন্যদিকে ডাইনেস্টি এয়ারের এক কর্মকর্তা জানান, তাদের হেলিকপ্টারটিতে শুধু মালামাল ছিল।

নেপালে এখন ট্রেকিংয়ের ব্যস্ত মৌসুম চলছে। এ সময়ে হেলিকপ্টারে করে ওই অঞ্চলে যাত্রী, পর্বতারোহী ও ট্রেকারদের যাতায়াত বেড়ে যায়। এর মধ্যেই এ দুর্ঘটনা ঘটল।

অন্যদিকে কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকালে নেপালের সোলুখুম্বু জেলার প্রত্যন্ত খুম্বু পাসাং লামু পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ফেরিচে এলাকায় অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষের এই ঘটনা ঘটে।

সোলুখুম্বু জেলা পুলিশ কার্যালয়ের তথ্য অনুযায়ী, সকাল ৮টা ১১ মিনিটের দিকে ফিশটেইল এয়ার ও এয়ার ডাইনেস্টির হেলিকপ্টার দুটি সংঘর্ষে জড়ায়। পুলিশ পরিদর্শক মৌসম তামাং জানান, নিহত ব্যক্তি ভারতীয় নাগরিক বসন্ত কুমার বালারামারামাডু। তিনি ফিশটেইল এয়ারের হেলিকপ্টারে ছিলেন।

একই হেলিকপ্টারে থাকা ভারতীয় বংশোদ্ভূত নিউজিল্যান্ডের নাগরিক শৈলেশ কৃষ্ণ প্যাটেল সংঘর্ষে আহত হন। তামাং জানান, প্রভু হেলিকপ্টারের মাধ্যমে তাকে আকাশপথে কাঠমান্ডুর মেডিসিটি হাসপাতালে নেয়া হয়েছে।

দুই হেলিকপ্টারের পাইলটও সামান্য আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাদেরও কাঠমান্ডুতে নেয়া হয়েছে। পুলিশ জানায়, নিহত ভারতীয় পর্যটকের মরদেহ লুকলার একটি হাসপাতালে নেয়া হয়েছে।

সংঘর্ষের সময় হেলিকপ্টার দুটিতে মোট কতজন যাত্রী ছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার বিস্তারিত জানতে পুলিশ তদন্ত ও তথ্য সংগ্রহ করছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ