৩–৪ নভেম্বর বাংলাদেশ সোলার এক্সপো শুরু
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০১-১১-২০২৬ ১২:২৫:৪৫ অপরাহ্ন
আপডেট সময় :
০১-১১-২০২৬ ১২:২৫:৪৫ অপরাহ্ন
ফাইল ছবি
সৌরবিদ্যুতের প্রসার ও ব্যবহার ত্বরান্বিত করতে আগামী ৩–৪ নভেম্বর ২০২৬ ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'বাংলাদেশ সোলার এক্সপো ২০১৬'। বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) যৌথভাবে এই আয়োজন করছে।
আগামী ৩ নভেম্বর ২০২৬ তারিখে এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী মেলার বিভিন্ন স্টল ও প্রদর্শনী ঘুরে দেখবেন।
সৌরবিদ্যুতের দ্রুত সম্প্রসারণ, প্রশাসনিক জটিলতা নিরসন ও বিনিয়োগ ত্বরান্বিত করতে ইতোমধ্যে ‘বিশেষ সৌরবিদ্যুৎ অধ্যাদেশ, ২০২৬' জারি করা হয়েছে এবং নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি, বেসরকারি বিনিয়োগ আকর্ষণ ও প্রাতিষ্ঠানিক সমন্বয়ের লক্ষ্যে 'জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬–২০৩০' গৃহীত হয়েছে। এছাড়াও ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণে নেট মিটারিং ব্যবস্থায় উদ্বৃত্ত বিদ্যুৎ প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সায় ক্রয়ের বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। বেসরকারি খাতকে উৎসাহিত করতে এবং নতুন কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি করতে সরকার কর্তৃক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ছাদে নিজস্ব মূলধন ছাড়াই তৃতীয় পক্ষের মাধ্যমে সৌরপ্যানেল স্থাপনে Operational Expenditure (OpEx) মডেলকে উৎসাহিত করা হয়েছে। দেশে সৌরবিদ্যুৎ ও জ্বালানি সংরক্ষণ প্রযুক্তির সম্প্রসারণ, প্রকল্প বাস্তবায়ন ব্যয় হ্রাস এবং বিনিয়োগ উৎসাহিত করার লক্ষ্যে সৌরবিদ্যুৎ ও ব্যাটারি সংশ্লিষ্ট পণ্যের আমদানি শুল্ক ১ শতাংশে নামিয়ে আনা হয়েছে এবং মূল্যসংযোজন কর (মূসক) সম্পূর্ণ মওকুফ করা হয়েছে।
‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬' এর মূল প্রতিপাদ্য হলো ‘প্রতি ইঞ্চি ছাদ কাজে লাগাই, সৌরবিদ্যুতে আয় বাড়াই”। এক্সপোর মূল লক্ষ্য হলো— সরকার কর্তৃক গৃহীত সকল উদ্যোগসহ সৌর প্রযুক্তির সর্বাধুনিক উদ্ভাবনগুলো তুলে ধরা, বিনিয়োগে উৎসাহ প্রদান করা এবং নবায়নযোগ্য শক্তি খাতে অংশীজনদের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করা। সৌরবিদ্যুৎ খাতের উদ্ভাবনী সমাধান ও সমন্বিত সেবা এক ঠিকানায় নিয়ে আসতে এই এক্সপোতে থাকছে বিশেষায়িত প্রদর্শনী স্টল। এতে সোলার প্যানেল, ইনভার্টার, স্মার্ট গ্রিড প্রযুক্তি, অ্যাডভান্সড ব্যাটারি স্টোরেজ সিস্টেমসহ আধুনিক সোলার সরঞ্জামের প্রদর্শনী থাকবে। এর পাশাপাশি বর্ণিত এক্সপোতে প্রকল্প অর্থায়ন, সহজ শর্তে ঋণ সুবিধা এবং কারিগরি সহায়তা প্রদানের জন্য দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, প্রকল্প উন্নয়নকারী ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ তাদের সেবা তুলে
ধরবে।
দুই দিনব্যাপী এই সম্মেলনে বিশ্বমানের প্রযুক্তি প্রদর্শনীর পাশাপাশি সোলার খাতের কৌশলগত উন্নয়ন, নীতিগত পরিবেশ এবং বিনিয়োগ সম্ভাবনা নিয়ে 'Policy, People and Capital for Bangladesh's Solar Revolution' শীর্ষক মূল প্রতিপাদ্যের অধীনে চারটি বিশেষায়িত সেমিনার অনুষ্ঠিত হবে।
সেমিনারসমূহ নিম্নরূপ:
Powering the Future of Bangladesh: Pathways to a National Solar Revolution; Leading by Example: Scaling Rooftop Solar in Public Sector;
Domestic and Industrial Rooftop Solar: Ensuring Energy Security and Creating Employment;
Financing the Solar Revolution: Unlocking Private Capital and Carbon Revenue;
সেমিনারে দেশি-বিদেশি বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, আর্থিক প্রতিষ্ঠান, প্রযুক্তি সরবরাহকারী, বিনিয়োগকারী ও শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিগণ প্রধান আলোচক হিসেবে অংশ নেবেন। পাশাপাশি এই আয়োজনে সার্ভিস প্রোভাইডারদের জন্য একটি বিশেষ ওরিয়েন্টেশন পর্বও রাখা হয়েছে।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স