ঢাকা , রবিবার, ০১ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদের আগামী অধিবেশনেই পাস হবে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ আইন: বিদ্যুৎমন্ত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০১-১১-২০২৬ ১০:৪৭:৩১ পূর্বাহ্ন
আপডেট সময় : ০১-১১-২০২৬ ১০:৪৭:৩১ পূর্বাহ্ন
সংসদের আগামী অধিবেশনেই পাস হবে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ আইন: বিদ্যুৎমন্ত্রী ছবি : সংগৃহীত
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, সংসদের আগামী অধিবেশনেই ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন বিষয়ে আইন পাস হবে। শনিবার (৩১ অক্টোবর) রাজধানীতে নিউএজ পত্রিকা আয়োজিত এক রাউন্ড টেবিল বৈঠকে এ কথা বলেন তিনি।

বিদ্যুৎমন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে উদ্ভূত জ্বালানি ও বিদ্যুৎ সমস্যা রাতারাতি সমাধান হবে না। কিন্তু জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ সহনীয় রাখতে সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে; জনকল্যাণে সরকারের চেষ্টা অব্যাহত আছে। 

তিনি বলেন, চলমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট সংকট মোকাবিলা এবং দেশের সার্বিক জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বদ্ধপরিকর। এই লক্ষ্যে জনস্বার্থ সুরক্ষায় সরকার পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধজনিত বৈশ্বিক সংকটের কারণে উদ্ভূত জ্বালানি সংকট সংক্রান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরুপায় হয়েই সরকার প্রয়োজনীয় ক্ষেত্রে ভর্তুকি দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। জনগণের জ্বালানির ঘাটতির চাপ কমাতে এই পদক্ষেপ নিতে হয়েছে। একটি দায়িত্বশীল নির্বাচিত রাজনৈতিক সরকার হিসেবে নাগরিকদের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। জনগণও প্রত্যাশা করে যেকোনোভাবে জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকুক। এ জন্য যেকোনো পরিস্থিতিতে দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। 

বিদ্যুৎমন্ত্রী আরও বলেন, উদ্ভূত যেকোনো সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলা করা বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার। নাগরিক জীবন সচল ও স্বস্তিদায়ক রাখতে নানা ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ জন্য সৌর বিদ্যুতের উপর বিশেষ অগ্রাধিকার আরোপ করেছে সরকার। ভালুকায় ডোমেস্টিক রুফ টপ প্রোগ্রাম চালু করেছে। এর মাধ্যমে ঘরে ঘরে সৌরবিদ্যুতের আগ্রহ তৈরি হবে। 

তিনি বলেন, সোলার প্যানেলের মান নিয়ন্ত্রণ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের বাজারে সোলার পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণে এই সরকার সজাগ, সচেতন এবং সক্রিয় রয়েছে। জনস্বার্থ রক্ষায় বিশেষ নজরদারি থাকবে। আগামী পার্লামেন্টে সোলার আইন পাশ হবে। 

জ্বালানি মন্ত্রী আরও বলেন, স্থানীয় সরকার, স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসন সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে সোলার সিস্টেম ব্যবহার করার জন্য। ইতিমধ্যে স্থানীয় পর্যায়ে সোলার সিস্টেম স্থাপন করার জন্য ৮৬০০ সার্ভিস প্রোভাইডার এনলিস্ট করা হয়েছে। সোলার বিদ্যুতের মাধ্যমে দেশে কর্মসংস্থানের সুযোগও তৈরি হচ্ছে। 
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ