ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শীতের তীব্রতায় গ্যাসের দাম ২৫০০ ডলার ছাড়াতে পারে

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ৩০-১০-২০২৬ ০৩:২০:৪৮ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-১০-২০২৬ ০৩:২০:৪৮ অপরাহ্ন
শীতের তীব্রতায় গ্যাসের দাম ২৫০০ ডলার ছাড়াতে পারে ফাইল ছবি
ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম ইতিমধ্যেই প্রতি হাজার ঘনমিটারে ১২০০ মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। আর আসন্ন শীতকালে যদি তাপমাত্রা ব্যাপক হারে হ্রাস পায়, তবে এই দাম রেকর্ড বেড়ে প্রতি হাজার ঘনমিটারে ২৫০০ ডলারে পৌঁছাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রাশিয়ার জ্বালানি সংস্থা গ্যাজপ্রমের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালেক্সি মিলার।

সংস্থাটির প্রেস সার্ভিসের মাধ্যমে মিলার জানান, পশ্চিমা বিশেষজ্ঞরা শরৎ ও শীতকালীন সর্বোচ্চ ব্যবহারের সময়ে ইউরোপে গ্যাসের দাম ১২০০ ডলারে পৌঁছানোর যে পূর্বাভাস দিয়েছিলেন, অক্টোবর মাসের শুরুতেই সেই দামে পৌঁছে গেছে। তিনি আরও উল্লেখ করেন, ইউরোপীয় দেশগুলোতে ভূগর্ভস্থ গ্যাস মজুদ করার জায়গাগুলোতেও গ্যাস ইনজেকশনের হার ধারাবাহিকভাবে রেকর্ড সর্বনিম্নে নেমে এসেছে। উদাহরণস্বরূপ, ইউরোপের সর্ববৃহৎ গ্যাস ব্যবহারকারী দেশ জার্মানিতে গ্যাস সঞ্চয়াগারগুলো মাত্র ৬১.৬ শতাংশ পূর্ণ রয়েছে। এমন পরিস্থিতিতে ইউরোপকে অস্বাভাবিক তীব্র শীতের মুখোমুখি হতে হলে গ্যাসের দাম ২৫০০ ডলারে গিয়ে ঠেকবে।

এদিকে তাসের এক পূর্ববর্তী প্রতিবেদনে জানা যায়, ইউরোপের টিটিএফ হাবের স্পট মার্কেটে গ্যাসের দাম ২০২২ সালের ডিসেম্বরের পর এই প্রথমবারের মতো প্রতি হাজার ঘনমিটারে ১১৮০ ডলার ছাড়িয়ে গেছে। এছাড়া গত চার বছরের মধ্যে প্রথমবারের মতো প্রতি মেগাওয়াট ঘণ্টার দর ১০০ ইউরোর সীমা অতিক্রম করেছে। মূলত আসন্ন শীতের আগে সঞ্চয়াগারগুলোতে ইতিহাসের সর্বনিম্ন গ্যাস মজুত এবং মধ্যপ্রাচ্যে চলতে থাকা চলমান সংঘাতের কারণেই সম্প্রতি ইউরোপ জুড়ে গ্যাসের বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা ও অস্থিরতা দেখা দিয়েছে।

অন্যদিকে, সামগ্রিক আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি ও জ্বালানি সংকট পর্যবেক্ষণ করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ইউরোপে গ্যাসের দাম বেড়ে প্রতি হাজার ঘনমিটারে অন্তত ১৫০০ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ