ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​এক কেজি গরুর মাংস উৎপাদনে খরচ ৫৮৭ টাকা, খাসির ৮৭৫

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৯-১০-২০২৬ ০১:২২:৫৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-১০-২০২৬ ০১:২৬:২৭ অপরাহ্ন
​এক কেজি গরুর মাংস উৎপাদনে খরচ ৫৮৭ টাকা, খাসির ৮৭৫ ​ছবি: সংগৃহীত
এক কেজি গরুর মাংস উৎপাদনে খরচ ৫৮৭ টাকা ৫০ পয়সা। আর খাসির মাংসের ক্ষেত্রে এই খরচ ৮৭৫ টাকা। জাতীয় সংসদের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে উপস্থাপিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে মাছ, মাংস, দুধ ও ডিমের উৎপাদন খরচ, সরবরাহব্যবস্থা এবং বাজারমূল্য স্থিতিশীল রাখার বিষয়ে প্রতিবেদনটি উপস্থাপন করা হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রতি কেজি ব্রয়লার মুরগি উৎপাদনে খরচ ১৬১ টাকা ৫৫ পয়সা এবং সোনালি মুরগির ক্ষেত্রে ২৫৩ টাকা। এক কেজি দুধ উৎপাদনে খরচ ৪৪ টাকা ৮০ পয়সা। আর প্রতিটি ডিম উৎপাদনে ব্যয় হয় ১০ টাকা ৮১ পয়সা।

বৈঠকে কমিটির সদস্যরা অভিযোগ করেন, বাজারে বেশ কিছু পণ্য উৎপাদন খরচের তুলনায় অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। এ বিষয়ে জানানো হয়, উৎপাদকরা সরাসরি খুচরা বাজারে পণ্য বিক্রি করতে পারেন না। কয়েক দফায় হাতবদলের কারণে ভোক্তাপর্যায়ে দাম বেড়ে যায়। তবে উৎপাদকরা যাতে ন্যায্যমূল্য পান, সেটিও নিশ্চিত করা জরুরি বলে মত দেন সংশ্লিষ্টরা।

বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি, মধ্যস্বত্বভোগীদের অতিরিক্ত মুনাফা, কৃত্রিম সংকট ও সরবরাহব্যবস্থার অনিয়ম চিহ্নিত করতে বাজারভিত্তিক তদন্ত ও তদারকি জোরদারের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

এ লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া এক দিনের মুরগির বাচ্চা ও ডিমের বাজারমূল্য নিয়ন্ত্রণে কৌশলপত্র চূড়ান্ত করে সমন্বিত উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সামুদ্রিক মৎস্যসম্পদ বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানি বাড়াতেও সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

কমিটির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ