বিশ্ব স্ট্রোক দিবস আজ
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৯-১০-২০২৬ ১২:০৬:১০ অপরাহ্ন
আপডেট সময় :
২৯-১০-২০২৬ ১২:০৬:১০ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
আজ ২৯ অক্টোবর (বৃহস্পতিবার), বিশ্ব স্ট্রোক দিবস। স্ট্রোক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, রোগের লক্ষণ দ্রুত শনাক্ত করা এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে প্রতি বছর এদিন বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য—‘প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ’।
২০০৬ সালে বিশ্ব স্ট্রোক সংস্থা প্রতিষ্ঠার পর থেকে দিবসটি পালিত হয়ে আসছে।
স্ট্রোক এমন একটি গুরুতর স্বাস্থ্যসমস্যা, যেখানে মস্তিষ্কের কোনও অংশে রক্ত সরবরাহ বাধাগ্রস্ত হয় অথবা রক্তনালি ফেটে রক্তক্ষরণ ঘটে। দ্রুত চিকিৎসা না পেলে এতে মৃত্যু কিংবা স্থায়ী পঙ্গুত্বের ঝুঁকি তৈরি হতে পারে। বাংলাদেশে মৃত্যুর অন্যতম প্রধান কারণ স্ট্রোক। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও স্ট্রোক ও হৃদরোগে মৃত্যু নিয়ে উদ্বেগ রয়েছে।
স্ট্রোকের প্রধান লক্ষণগুলোর মধ্যে রয়েছে মুখের এক পাশ বেঁকে যাওয়া, হাত বা পা দুর্বল হয়ে পড়া, কথা জড়িয়ে যাওয়া, হঠাৎ দৃষ্টিশক্তিতে সমস্যা, মাথা ঘোরা এবং শরীরের ভারসাম্য হারানো। এসব লক্ষণের কোনোটি দেখা দিলে দ্রুত জরুরি চিকিৎসা নিতে হবে।
উচ্চ রক্তচাপ স্ট্রোকের অন্যতম প্রধান ঝুঁকির কারণ। এ ছাড়া ডায়াবেটিস, রক্তে অতিরিক্ত কোলেস্টেরল, ধূমপান, অতিরিক্ত ওজন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রমের অভাব স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে।
স্ট্রোকের ঝুঁকি কমাতে নিয়মিত রক্তচাপ ও রক্তে শর্করা পরীক্ষা, ডায়াবেটিস নিয়ন্ত্রণ, ধূমপান পরিহার, পরিমিত লবণ গ্রহণ, স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং নিয়মিত শারীরিক পরিশ্রম জরুরি। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করতে হবে।
স্ট্রোকের লক্ষণ দেখা দিলে অপেক্ষা না করে রোগীকে দ্রুত হাসপাতালে নিতে হবে। লক্ষণ সাময়িকভাবে কমে গেলেও চিকিৎসা নেওয়া জরুরি। চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে থেকে কোনো ওষুধ খাওয়ানো উচিত নয়।
বিশ্ব স্ট্রোক দিবসের মূল বার্তা হলো-স্ট্রোকের লক্ষণ সম্পর্কে জানুন, ঝুঁকির কারণ নিয়ন্ত্রণ করুন এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা নিন। সময়মতো সঠিক পদক্ষেপ একজন মানুষের জীবন বাঁচানোর পাশাপাশি দীর্ঘমেয়াদি অক্ষমতার ঝুঁকিও কমাতে পারে।
সচেতনতাই সুরক্ষা, দ্রুত চিকিৎসাই জীবন রক্ষার চাবিকাঠি।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স