ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​গুলিস্তানে শতাধিক দোকান উচ্ছেদ, ফের ফুটপাত দখল করলে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৮-১০-২০২৬ ০৩:৩৬:১৪ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-১০-২০২৬ ০৩:৩৬:১৪ অপরাহ্ন
​গুলিস্তানে শতাধিক দোকান উচ্ছেদ, ফের ফুটপাত দখল করলে গ্রেপ্তার ​ছবি: সংগৃহীত
রাজধানীর গুলিস্তানে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। 

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ট্রেড সেন্টার ও ফুলবাড়িয়া সুপারমার্কেট সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। উচ্ছেদের পর আবারও ফুটপাত ও সড়ক দখল করে বসলে হকারদের মালামাল জব্দের পাশাপাশি গ্রেপ্তারের হুঁশিয়ারি দিয়েছে সিটি করপোরেশন।

ডিএসসিসির চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পে-লোডারসহ ভারী যন্ত্রপাতি ব্যবহার করে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় বিপুল পরিমাণ মালামাল ও দোকান পরিচালনার সরঞ্জাম জব্দ করা হয়েছে। অভিযানে সিটি করপোরেশনের শতাধিক উচ্ছেদকর্মী এবং পুলিশের ছয় প্লাটুন সদস্য অংশ নেন।

অভিযান পরিদর্শনে গিয়ে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম সাংবাদিকদের বলেন, হকারদের জন্য নির্দিষ্ট কিছু ফুটপাত, নৈশকালীন মার্কেট ও হলিডে মার্কেট নির্ধারণ করে দেওয়া হয়েছে। হকাররা কেবল নির্ধারিত স্থানেই ব্যবসা করতে পারবেন।

তিনি বলেন, ‘বিশেষ করে গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত পুরো রাস্তা সম্পূর্ণ পরিষ্কার রাখা হবে এবং মূল রাস্তায় কোনোভাবেই হকার বসতে দেওয়া হবে না।’

বারবার দখল, এবার কঠোর ব্যবস্থা

উচ্ছেদ অভিযান চালানোর পরও হকারদের আবার ফুটপাত দখল করে বসার প্রবণতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ডিএসসিসি প্রশাসক। তিনি বলেন, হকার সংগঠনের নেতাদের সঙ্গে একাধিকবার বৈঠক করা হয়েছে এবং সতর্কও করা হয়েছে। এরপরও পুনরায় ফুটপাত দখল করা হচ্ছে।

আবদুস সালাম বলেন, ‘উচ্ছেদের পরও পুনরায় বসে পড়ায় এখন কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া উপায় নেই। নিয়ম অমান্য করে বসলে মালামাল জব্দের পাশাপাশি প্রয়োজনে গ্রেপ্তার করা হবে।’

ডিএসসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখার কার্যক্রম অব্যাহত থাকবে। বিশেষ করে রাজধানীর ব্যস্ত বাণিজ্যিক এলাকা গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত সড়ক পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

উচ্ছেদ অভিযান পরিচালনায় ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. রেজাউল করিম, প্রধান রাজস্ব কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ, সম্পত্তি কর্মকর্তা হাছিবা খান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম দায়িত্ব পালন করেন।

পথচারীদের চলাচলের জায়গা উদ্ধার, সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও হকারদের বসতে না দেওয়াই এ অভিযানের মূল লক্ষ্য বলে জানিয়েছে ডিএসসিসি।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ