ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​তাপমাত্রা বৃদ্ধি ও বৃষ্টি না থাকায় শঙ্কা

কলাপাড়ায় আমনের বাম্পার ফলনের সম্ভাবনা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৭-১০-২০২৬ ০৫:০৭:৪৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-১০-২০২৬ ০৫:০৭:৪৮ অপরাহ্ন
কলাপাড়ায় আমনের বাম্পার ফলনের সম্ভাবনা ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
পটুয়াখালীর সাগরপারের জনপদ কলাপাড়ার গোটা উপকূলের আমনক্ষেতে বইছে সবুজের সমারোহ। কোথাওবা হালকা সোনালি রঙ ধারণ করেছে। লকলকে বেড়ে ওঠা আমনক্ষেতে বাতাসে যখন দোল খায় তখন কৃষকের বুকে শিহরণ জাগে। গাঢ় সবুজের বিস্তীর্ণ মাঠজুড়ে ধানগাছের শিহরণে কৃষকের চোখে মুখে ফুটে উঠছে উচ্ছলতা। সদ্য বের হওয়া ধানের শীষ জানান দিচ্ছে ভালো ফলনের ইঙ্গিত। আমনের বাম্পার ফলন ঘরে তোলার স্বপ্নে এখন বিভোর হয়ে আছেন এ জনপদের কৃষক। তাঁরা অপেক্ষার প্রহর গুনছেন। উপজেলা কৃষি বিভাগের দাবি, আর কোন রোগ বালাই কিংবা প্রাকৃতিক দুর্যোগ আঘাত না হানলে এবছর কলাপাড়ায় আমনের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। 

তবে কৃষকের শঙ্কা কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়া নিয়ে। এর ফলে ধানের পুষ্টি না হওয়ার পাশাপাশি চিটা হয়ে যেতে পারে। ক্ষেত শুকিয়ে যাচ্ছে। ক্ষেতের আমন ধান বর্তমানে থোড় (শিষ গজানো), পুষ্পায়ন ও দানাবাঁধা-এই তিন পর্যায়ে রয়েছে। ধানগাছের জীবনচক্রের এই তিন পর্যায়ে মাত্রাতিরিক্ত তাপমাত্রা ও জমিতে পানির অভাব হলে ধানের ফুলে পরাগায়নে বাধা সৃষ্টি করে। এতে ধানে চিটা হওয়ার আশঙ্কা থাকে। এদিকে মাঠে মাঠে আমন ধানের এখন 'থোড়' (শীষ বের হওয়ার ঠিক আগের অবস্থা) আসার সময়। এমন গুরুত্বপূর্ণ সময়ে পর্যাপ্ত পানির অভাবে ধানের থোড় বের হওয়া নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। 

কলাপাড়ায় এবছর আমন আবাদের গোটা মৌসুমে প্রকৃতি অনেকটা অনুকুলে ছিল। জুলাই মাসের প্রথম দিক থেকেই টানা বৃষ্টিতে সবজির সমস্যা হলেও আমন চাষাবাদ কিংবা বীজতলার তেমন একটা ক্ষতি হয়নি। শতকরা ৯০ ভাগ কৃষকের অভিমত, আর কোন দুর্যোগ কিংবা রোগবালাই না হলে তারা বাম্পার ফলন ঘরে তুলবেন। তবে তাপমাত্রা সহনশীল থাকা এবং কিছুটা বৃষ্টির প্রয়োজন রয়েছে বলে অধিকাংশ কৃষকের মতামত।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, সর্বত্র বইছে সবুজের সমারোহ। গাঢ় সবুজের আস্তরণে ঢেকে গেছে বিস্তীর্ণ এলাকা। কোথাও বের হওয়া ধানের শীষে চাল হয়েছে। কয়দিন পরেই আগাম জাতের ধান কাটার সুযোগ হবে। কৃষকের চোখেমুখে স্বস্তির ছাপ ফুটে উঠেছে। মুখে লেগে আছে হাসির ঝিলিক। কেউবা শেষবারের মতো সার-কীটনাশক প্রয়োগ করছেন। 

বলিপাড়া গ্রামের কৃষক আব্দুল খালেক জানান, ১২ বিঘা জমি চাষাবাদ করেছেন। এখন পর্যন্ত আমন ক্ষেতের যে দৃশ্য তিনি দেখছেন তাতে ভাল ফলন পাওয়ার আশা করছেন। মিঠাগঞ্জ গ্রামের কৃষক আবুল বাশার জানান, তিনি এবছর ২৬ বিঘা জমি চাষাবাদ করেছেন। তিনি জানালেন, একটু মাজরা পোকা দেখা যাচ্ছে। তবে তেমন নয়। তার ভাষ্য, এখন পর্যন্ত রোয়া-পাতা যেভাবে দেখছি তাতে ভাল ফলন পাওয়ার আশা করছি। গেল বছরও তিনি ভালো ফলন পেয়েছেন। ছোট বালিয়াতলী গ্রামের আব্দুস সোবাহান জানান, তিনি এবছর চার কানি (৪৮বিঘা) জমিতে আমনের আবাদ করেছেন। তার দাবি, আর যদি কোন প্রাকৃতিক দুর্যোগ কিংবা রোগবালাই না হয় তাহলে ভাল ফলন পাবেন। একই বক্তব্য নীলগঞ্জের ইউনুস মোল্লা, হাবিব গাজীসহ অধিকাংশ কৃষকের। একর প্রতি গড়ে ৫০ মণ ধান ঘরে তোলার সম্ভাবনার কথা জানালেন কুমিরমারা গ্রামের অধিকাংশ চাষী। 

বালীয়াতলী গ্রামের কৃষক রফিকুল ইসলাম জানান, দুই বিঘা জমিতে আমন ধান চাষ করেছেন। শুরুতে বৃষ্টি ছিল। ধানগাছগুলোও তরতর করে বেড়ে উঠেছে। কিন্তু এখন টানা খরা। অনেক দিন বৃষ্টির দেখা নেই। অনেক গরম। ক্ষেতের মাটি ফেটে যাচ্ছে। কয়েকবার শ্যালো মেশিনের মাধ্যমে পানি দিয়েছেন। তারপরও মাটি ভিজিয়ে রাখা যাচ্ছে না। এতে খরচও বেড়ে যাচ্ছে। তবে সবার এক আতংক তাপমাত্রা বেশি থাকায় ধান চিটা হওয়ার শঙ্কা রয়েছে। পাশাপাশি ক্ষেতে পানির সংকট সৃষ্টি হয়েছে বহু জায়গায়। এটি কিছুটা সমস্যা।

উপজেলার ১২টি ইউনিয়নের শতকরা ৯০ ভাগ কৃষক এবছরও বাম্পার ফলন ঘরে তোলার আশা মনে পোষণ করছেন। তবে আগামি সপ্তাহের পরে সাগর নদীর পানি লোনা হয়ে যাবে স্লুইসগেটের সামনে অস্থায়ী বাঁধ দিতে না পারলে লোনা পানির প্লাবনের শঙ্কা করলেন নীলগঞ্জের কুমিরমারা গ্রামের প্রবীণ কৃষক সুলতান গাজী।

কলাপাড়া উপজেলা কৃষি অফিসের দেওয়া তথ্যমতে, এবছর কলাপাড়ায় ৩০ হাজার ৬৪৬ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরাফাত হোসেন জানান, এ বছর আমনের ফলন খুব ভালো হবে মনে হচ্ছে। এখন পর্যন্ত রোগ-বালাইয়ের তেমন প্রকোপ নেই। প্রাকৃতিক দুর্যোগ না হলে বাম্পার ফলন পাবেন এখানকার কৃষক। তবে কৃষককে একটু সম্পূরক সেচ দেওয়ার তাগিদ এ কর্মকর্তার। অন্তত এক-দেড় ইঞ্চি পানি যেন খেতে থাকে এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করার পরামর্শ তাঁর।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ