ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রিড বিপর্যয়ে ঢাকা ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ নেই

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৭-১০-২০২৬ ০২:০২:০৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-১০-২০২৬ ০২:২৪:২৫ অপরাহ্ন
গ্রিড বিপর্যয়ে ঢাকা ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ নেই ফাইল ছবি
সচিবালয়সহ ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টা ৪৩ মিনিটে এ ঘটনা ঘটে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় সচিবালয়সহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। 

পাওয়ার গ্রিড বাংলাদেশ জানায়, ঢাকার ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়েছে। চট্টগ্রামের একাংশেও বিদ্যুৎ নেই।

সচিবালয়ের পূর্ত মন্ত্রণালয়ের বিদ্যুতের দায়িত্বে থাকা এক কর্মকর্তা জানিয়েছেন, ডিপিডিসি থেকে বলা হয়েছে, গ্রিড বিপর্যয়ের কারণে সচিবালয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে।

তবে ঠিক কোন গ্রিডে বিপর্যয় ঘটেছে, তা এখনও নিশ্চিত করতে পারেনি ডিপিডিসি। ধারণা করা হচ্ছে, ধানমন্ডি-উলন গ্রিডে এ বিপর্যয়ের ঘটনা ঘটেছে। বিষয়টি খোঁজ নিতে ডিপিডিসির নির্বাহী পরিচালক ও একাধিক প্রকৌশলীকে মোবাইল ফোনে পাওয়া যায়নি। 

পাওয়ার গ্রিড বাংলাদেশ জানিয়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারিগরি কারণ এখনও জানা যায়নি। সিস্টেম পুনরুদ্ধারের কাজ চলছে। প্রকৌশলীরা ধাপে ধাপে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করছেন। বিদ্যুতের জাতীয় গ্রিড সিস্টেম এনএলডিসির নিয়ন্ত্রণে রয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল ও স্বাভাবিক রয়েছে।

এখন পর্যন্ত রাজধানীর সচিবালয় ও তার আশেপাশের এলাকা, মগবাজার, পরিবাগের কিছু অংশ, তেজগাঁও, মধুবাগ, শান্তিনগর, মালিবাগ, বাসাবো, মাদারটেক, খিলগাঁওসহ বেশ কিছু এলাকায় বিদ্যুৎ না থাকার খবর পাওয়া গেছে। 

দুপুর দুইটার পর রাজধানীর বেশ কিছু এলাকায় আবার বিদ্যুৎ চলে আসে।

এদিকে দুপুর ২.২২ মিনিটে বিদ্যুত বিভাগ থেকে জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা ও চট্টগ্রামের কিছু অংশে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ পুনর্বহালের কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে অধিকাংশ জায়গায় বিদ্যুৎ সংযোগ পুনর্বহাল করা হয়েছে। বাকী অংশেও স্বল্পসময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে মর্মে আশা করা যাচ্ছে। সম্মানিত গ্রাহকগণের সাময়িক অসুবিধার জন্য দু:খ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ