পাওয়ার গ্রিডের এমডি আবদুর রশিদ খান মারা গেছেন
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৬-১০-২০২৬ ০৫:১৫:২০ অপরাহ্ন
আপডেট সময় :
২৬-১০-২০২৬ ০৫:১৫:২০ অপরাহ্ন
ফাইল ছবি
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুর রশিদ খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। আবদুর রশিদের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে পাওয়ার গ্রিড।
সোমবার (২৬ অক্টোবর) নিজেদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানায় পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি।
পোস্টে জানানো হয়, আবদুর রশিদ খান হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ (সোমবার) দুপুর আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন।
তিনি দুদিন পূর্বে অসুস্থতা বোধ করায় হাসপাতালে ভর্তি হন বলে পোস্টে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, ব্যবস্থাপনা পরিচালকের আকস্মিক মৃত্যুতে পাওয়ার গ্রিড পরিবার বাকরুদ্ধ, হতবিহ্বল ও যন্ত্রণায় কাতর। তার মৃত্যুতে পাওয়ার গ্রিড বাংলাদেশ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে।
সবাইকে আশ্বস্ত করে পোস্টে বলা হয়, এই কঠিন ও মর্মান্তিক সময়েও সারাদেশে পাওয়ার গ্রিডের কর্মীরা বিদ্যুতের জাতীয় গ্রিড সচল রাখার গুরুদায়িত্বে অটল রয়েছেন। দায়িত্বরত কর্মীদের জনস্বার্থে নিজ নিজ কর্মস্থলে দায়িত্ব চালিয়ে যাওয়ার জন্য কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তরফ হতে অনুরোধ করা হয়েছে।
আবদুর রশিদ খান ১৯৬৭ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ১৯৯২ সালে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশলে (ইইই) বিএসসি ডিগ্রি অর্জন করেন।
১৯৯৪ সালে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে (বিপিডিবি) সহকারী প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে ২০০০ সালের ৭ জুন পাওয়ার গ্রিডে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন দায়িত্ব পালন শেষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্ব পালন করেন তিনি।
তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স