ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৬-১০-২০২৬ ০১:০০:৪৫ অপরাহ্ন
আপডেট সময় :
২৬-১০-২০২৬ ০৩:১০:১৫ অপরাহ্ন
ফাইল ছবি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ আসামির বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৬ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এ আদেশ দেন। ২৫ নভেম্বর পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করে।২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন ট্রাকচালক মো. হোসেন। এ ঘটনায় তার মা রীনা বেগম ওই বছরের ৩১ আগস্ট মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।
মামলার অভিযোগপত্র অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হন হোসেন। পরে তদন্ত শেষে ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা এসআই আকরামুজ্জামান শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।মামলার ৩৪ আসামির মধ্যে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, ফুরকান হোসেন ও শাহজাহান খান কারাগারে রয়েছেন। ১০ জন জামিনে আছেন। বাকি ২০ জন পলাতক।
পলাতক আসামিদের মধ্যে শেখ হাসিনার পাশাপাশি রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।মামলার নথি অনুযায়ী, পলাতক আসামিদের বিরুদ্ধে গত ২৬ জানুয়ারি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।গত ৮ অক্টোবর মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য থাকলেও কারাগারে থাকা দুই আসামি সাজ্জাদ হোসেন ও নাইমুল হাসান রাসেলকে আদালতে হাজির করা সম্ভব হয়নি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের শুনানি থাকায় কারা কর্তৃপক্ষ তাদের ওই দিন হাজির করতে পারেনি। পরে আদালত ২৬ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করেন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স