ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রূপপুর প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় রোসাটমের প্রতিনিধিদল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৪-১০-২০২৬ ০৩:০০:৪০ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-১০-২০২৬ ০৩:০০:৪০ অপরাহ্ন
রূপপুর প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় রোসাটমের প্রতিনিধিদল ফোকাস বাংলা নিউজ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজের বর্তমান অবস্থা ও প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের (Rosatom) উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করেছে। ২০ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত এ সফর অনুষ্ঠিত হয়। এ সময় প্রকল্প এলাকায় একাধিক কার্যকরী বৈঠক করেন রোসাটমের কর্মকর্তারা। 

বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার দূতাবাসের প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রতিনিধিদলের নেতৃত্ব দেন রোসাটমের পারমাণবিক বিদ্যুৎবিষয়ক প্রথম উপমহাপরিচালক এবং রোসাটমের প্রকৌশল শাখা অ্যাটমস্ট্রয়এক্সপোর্টের (এএসই) প্রেসিডেন্ট আন্দ্রেই পেত্রোভ। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনও অংশ নেন।

বাংলাদেশের পক্ষে আলোচনায় উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (বিএইসি) এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরিচালনাকারী প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বৈঠকে রূপপুর প্রকল্পের নির্মাণকাজের সর্বশেষ পরিস্থিতি, বিদ্যুৎকেন্দ্রের অগ্রগতি এবং আগামী দিনের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি প্রকল্পের কাজ এগিয়ে নিতে দুই পক্ষের প্রয়োজনীয় যৌথ পদক্ষেপ নির্ধারণের বিষয়েও আলোচনা করা হয়।

রাশিয়ার দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, দুই পক্ষের আলোচনা গঠনমূলক ও আন্তরিক সহযোগিতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন এ কেন্দ্রে রাশিয়ার প্রযুক্তিতে দুটি ইউনিট স্থাপন করা হচ্ছে। প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট, দুই ইউনিট মিলিয়ে মোট উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ