ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-১০-২০২৬ ১১:২২:২৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৩-১০-২০২৬ ১১:২২:২৫ পূর্বাহ্ন
এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু ফাইল ছবি
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাইক্রোবায়োলজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী চেসি ত্রিপুরা মারা গেছেন। বৃহস্পতিবার রাত ১১টা ৭ মিনিটে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান।

প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘আমি বিকেল পর্যন্ত হাসপাতালে অবস্থান করছিলাম। পরে কিছু সময়ের জন্য হাসপাতালের বাইরে আসি। এর কিছুক্ষণ পর চেসির সহপাঠী রিসার্চ চাকমা আমাকে জানান, চিকিৎসকেরা আনুষ্ঠানিকভাবে চেসিকে মৃত ঘোষণা করেছেন এবং হাসপাতাল থেকে ছাড়পত্রও দেয়া হয়েছে।’

গত সোমবার (১৯ অক্টোবর) রাজশাহীর বাগমারায় এক সহপাঠীর বাসায় পূজার দাওয়াতে যান চেসি ত্রিপুরা ও তার আরেক সহপাঠী। সন্ধ্যায় সিএনজিচালিত অটোরিকশায় করে ক্যাম্পাসে ফেরার পথে দুর্গাপুর এলাকায় একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে চেসি মাথায় গুরুতর আঘাত পান।

দুর্ঘটনার পর তাকে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়।

চেসির উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে ঢাকায় নেয়ার ব্যবস্থা করে। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে রামেক হাসপাতালের হোস্টেলসংলগ্ন মাঠ থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ