উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হলো ভূমিমন্ত্রীকে
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২২-১০-২০২৬ ০৩:১৩:০৩ অপরাহ্ন
আপডেট সময় :
২২-১০-২০২৬ ০৪:২৪:৩২ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
রক্তশূন্যতাজনিত তীব্র শারীরিক অসুস্থতার কারণে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টা ৪৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিশেষ বিমানে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে তাঁকে ঢাকায় আনা হয়। বর্তমানে তিনি বিএমইউ হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ভূমিমন্ত্রীকে নিয়ে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি মন্ত্রীর শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য জানান।
সংসদ সদস্য শফিকুল হক মিলন জানান, সম্প্রতি চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুর গমন করেছিলেন ভূমিমন্ত্রী। সেখানে চিকিৎসকের পরামর্শে সেবনকৃত ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার ফলে তাঁর রক্তে হিমোগ্লোবিনের মাত্রা আশঙ্কাজনক হারে হ্রাস পায়। পরিস্থিতির কারণে তাঁকে কয়েক ব্যাগ রক্তও দিতে হয়।
তিনি আরও উল্লেখ করেন, দুই দিন আগে প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকালে শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও কর্মসূচিতে অংশ নেন ভূমিমন্ত্রী। ফলে তাঁর শরীরে মাত্রাতিরিক্ত চাপ সৃষ্টি হয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় রাজশাহীর বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শক্রমে তাঁকে দ্রুত ঢাকায় স্থানান্তরের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
ভূমিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) নাজমুল হক ডিকেন জানান, গত বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টার দিকে হঠাৎ তীব্র অসুস্থতা অনুভব করলে মন্ত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দিনভর তাঁকে হাসপাতালের কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হয় এবং রক্তশূন্যতা কাটাতে রক্ত প্রদান করা হয়। পরবর্তীতে অধিকতর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
এদিকে ভূমিমন্ত্রীর হঠাৎ অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে বুধবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী, চিকিৎসক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে একনজর দেখতে হাসপাতালে ভিড় জমান।
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু দ্রুত আরোগ্যের জন্য সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন। একই সাথে সংসদ সদস্য শফিকুল হক মিলন ও মন্ত্রীর পরিবারের সদস্যরা তাঁর আশু সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স