সৌদি আরবের তেল স্থাপনায় হামলা, দুই বিদেশি নাগরিক নিহত
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২২-১০-২০২৬ ১১:০৮:১৮ পূর্বাহ্ন
আপডেট সময় :
২২-১০-২০২৬ ০১:১৫:৪০ অপরাহ্ন
ফাইল ছবি
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর শাইবাহ তেলক্ষেত্রে ড্রোন হামলার চেষ্টা ঠেকিয়েছে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। এ সময় ড্রোনের ধ্বংসাবশেষ থেকে সৃষ্ট আগুনে দুই বিদেশি নাগরিক নিহত ও দুজন আহত হয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানান। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে বলা হয়, তেলক্ষেত্রের একটি স্থাপনায় আঘাত হানার চেষ্টা করা ড্রোনটি প্রতিহত করে সৌদি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।
মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, ড্রোনটি প্রতিহত করার পর তেলক্ষেত্রে কাজ করা একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের গাড়িতে আগুন লেগে যায়। ঘটনাটি তেলক্ষেত্রের স্থাপনার বাইরে ঘটে।
জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় তেলক্ষেত্রের কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।
ইয়েমেনের হুতি গোষ্ঠী এবং দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দেওয়া সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে সংঘাত বাড়তে থাকার মধ্যেই এ ঘটনা ঘটল।
সাম্প্রতিক সময়ে ইয়েমেনে লড়াই তীব্র হওয়ায় সৌদি আরবের জ্বালানি অবকাঠামো, বিশেষ করে সৌদি আরামকোর স্থাপনাগুলোতে হামলার হুমকি দিয়েছে হুতি গোষ্ঠী।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স