ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​ফ্রান্সের বিভিন্ন শহরে কারফিউর মেয়াদ ও কড়াকড়ি বৃদ্ধি

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২১-১০-২০২৬ ১২:২৮:১৭ অপরাহ্ন
আপডেট সময় : ২১-১০-২০২৬ ১২:২৮:১৭ অপরাহ্ন
​ফ্রান্সের বিভিন্ন শহরে কারফিউর মেয়াদ ও কড়াকড়ি বৃদ্ধি ​ছবি: সংগৃহীত
চলমান সহিংস বিক্ষোভের জেরে ফ্রান্সের একাধিক শহরে কারফিউর মেয়াদ বাড়ানোর পাশাপাশি নতুন করে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর মধ্যে প্যারিস ও লিওঁতে আগের কারফিউর সময়সীমা বাড়ানো হয়েছে। অন্যদিকে মার্সেইয়ে প্রথমবারের মতো অপ্রাপ্তবয়স্কদের জন্য কারফিউ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া তুলুজেও নতুন করে কারফিউ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় প্যারিস ও লিওঁতে আগে থেকে জারি করা কারফিউর সময়সীমা আরও বাড়ানো হয়।

ফ্রান্স ইনফোর এক প্রতিবেদনে জানানো হয়, প্যারিসের পুলিশ প্রশাসন প্লাস দ্য লা রিপাবলিক এলাকা এবং লে আল জেলার কিছু অংশে কারফিউর মেয়াদ বাড়িয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

এ ছাড়া রাজধানী প্যারিসের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত অনুমতি ছাড়া যেকোনো ধরনের জমায়েতের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ। এসব এলাকার মধ্যে রয়েছে এলিসি প্রাসাদের আশপাশ, জাতীয় পরিষদ, সিনেট, শঁজেলিজে, শাতলে ও প্রধান রেলস্টেশনগুলো।

এদিকে লিওঁ শহরের কেন্দ্রীয় এলাকায় কারফিউর সময় বাড়িয়ে রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত করা হয়েছে। পাশাপাশি এসব এলাকায় জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারির সময় বিকেল ৪টা থেকে কার্যকর করা হয়েছে, যা কারফিউ শুরু হওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

অন্যদিকে উপকূলীয় শহর মার্সেইয়ের মেয়র বেনোয়া পায়াঁ শহরের কেন্দ্রের নির্দিষ্ট কিছু এলাকায় অপ্রাপ্তবয়স্কদের জন্য নৈশকালীন কারফিউ ঘোষণা করেছেন। ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার রাত ১০টা থেকে পরবর্তী কয়েক দিন ভোর ৫টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

তুলুজ শহরেও নতুন করে কারফিউ জারির ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন। আগামী বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এ ছাড়া বোর্দো ও নিস শহরে আগে থেকে ঘোষিত কারফিউর পরিকল্পনা যথারীতি বহাল রয়েছে।

এদিকে দেশজুড়ে নতুন করে বিক্ষোভের ডাক দেওয়ায় জননিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে ফ্রান্সের পেশাদার ফুটবল লিগ কর্তৃপক্ষ আগামী শনিবারের লিগ-২ ম্যাচটি স্থগিত করেছে। ওই দিন বিকেলে মন্টপেলিয়ে ও প্যারিসের রেড স্টার দলের মধ্যে ম্যাচটি হওয়ার কথা ছিল। কর্তৃপক্ষের অনুরোধে সেটি পিছিয়ে আগামী সোমবার পুনর্নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত শনিবার ফ্রান্সজুড়ে বড় ধরনের বিক্ষোভে নামে সাধারণ মানুষ। সে দিন দেশটির প্রায় ১১০টি স্থানে আয়োজিত বিক্ষোভে প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষ অংশ নেন। এর মধ্যে শুধু প্যারিসেই বিক্ষোভকারীর সংখ্যা ছিল প্রায় ১ লাখ ১০ হাজার। ওই দিন সারা দেশ থেকে প্রায় ৪০০ জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ