ঢাকা , মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে অভিযান, আটক ৮৫

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২০-১০-২০২৬ ০৬:০৪:২৯ অপরাহ্ন
আপডেট সময় : ২০-১০-২০২৬ ০৬:০৮:৪৩ অপরাহ্ন
​অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে অভিযান, আটক ৮৫ ​ফাইল ছবি
রাজধানীর ভাটারা এলাকায় পুলিশের একজন অতিরিক্ত উপমহাপরিদর্শকের (ডিআইজি) ভাড়া দেওয়া বাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। অভিযানে ওই বাড়ি থেকে ৮৫ জনকে আটক করা হয়েছে।  

সোমবার (১৯ অক্টোবর) মধ্যরাতে ডিবির উত্তরা বিভাগের একটি দল বাড়িটিতে অভিযান চালায়। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, রাজধানীর ভাটারা থানার পুলিশ হাউজিং-১ এলাকায় অবস্থিত আড়াইতলা বাড়িটি স্বল্পমেয়াদি আবাসন ভাড়ার মাধ্যম এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া দেওয়া হতো। বাড়িটিতে নিয়মিত মাদকের আসর বসত। পাশাপাশি ডিজে পার্টিও চলত। বিভিন্ন বয়সী নারী ও পুরুষ সেখানে মাদক সেবনের জন্য যেতেন। পরে তথ্য পেয়ে অভিযান চালানো হয়েছে। এ সময় ৮৫ জন নারী-পুরুষকে আটক করার পাশাপাশি বিপুল পরিমাণ মদ জব্দ করেন গোয়েন্দা পুলিশের সদস্যরা।

ডিবি জানিয়েছে, বাড়িটির মালিক অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির বিসিএস ২৪তম ব্যাচের কর্মকর্তা। তিনি পুলিশ সদর দপ্তরে মেইনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার শাখায় কর্মরত। এর আগে তিনি সাবেক অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমানের স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের বাড়িতে ডিবির অভিযান সম্পর্কে তাঁর বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোনকলের সাড়া দেননি। একপর্যায়ে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ