পূজার ঘোরাঘুরিতে ত্বকে কালচে ছাপ, কী করবেন
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২০-১০-২০২৬ ০৫:৩৫:৫৩ অপরাহ্ন
আপডেট সময় :
২০-১০-২০২৬ ০৫:৩৬:৩৯ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
পূজার ছুটি কিংবা টানা ঘোরাঘুরি শেষে ত্বকে কালচে ছাপ পড়েছে? দীর্ঘ সময় রোদে থাকার কারণে মুখ, হাত ও পায়ে দেখা দিতে পারে সানট্যান। এ ছাড়া ধুলাবালি, নিয়মিত মেকআপ, অনিয়মিত খাদ্যাভ্যাস ও পর্যাপ্ত ঘুমের অভাবেও ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা কমে যেতে পারে। এসব সমস্যা সামলাতে ঘরে থাকা কয়েকটি উপাদান দিয়ে ত্বকের যত্ন নিতে পারেন।
হাত-পায়ের ট্যান দূর করতে
হাত-পায়ের কালচে ভাব কমাতে বেসন, তেল, হলুদ গুঁড়া ও সামান্য পানি দিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি হাত-পায়ে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর পানি দিয়ে আলতোভাবে পরিষ্কার করে নিন।
এ ছাড়া সমপরিমাণ টমেটোর রস, আলুর রস ও শসার রস মিশিয়ে তুলার সাহায্যে হাত-পায়ে লাগাতে পারেন।
মুখের যত্নে ৪টি ঘরোয়া প্যাক
পেঁপে ও টক দই: ২ টেবিল চামচ পেঁপের পেস্টের সঙ্গে ২ টেবিল চামচ টক দই মিশিয়ে মুখে লাগান। ২০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
পেঁপে ও মধু: পাকা পেঁপের পেস্টের সঙ্গে ১ টেবিল চামচ মধু মিশিয়ে ত্বকে লাগান। এটি ত্বক কোমল রাখতে সহায়তা করতে পারে।
মসুর ডাল, টমেটো ও অ্যালোভেরা: ১ টেবিল চামচ মসুর ডাল বাটা, ১ টেবিল চামচ টমেটোর রস এবং ১-২ চা চামচ অ্যালোভেরা জেল একসঙ্গে মিশিয়ে রোদে পোড়া অংশে লাগান। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন।
স্ট্রবেরি ও দুধ: ৪-৫টি স্ট্রবেরি পেস্ট করে তাতে ২ টেবিল চামচ দুধ অথবা দই মেশান। মিশ্রণটি মুখে লাগিয়ে কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।
ত্বকের যত্নে যে সতর্কতা জরুরি
বাইরে থেকে ফিরে ত্বক পরিষ্কার রাখুন। ত্বকের ধরন অনুযায়ী পরিচর্যা করুন এবং অতিরিক্ত ঘষাঘষি এড়িয়ে চলুন। পাশাপাশি পর্যাপ্ত পানি পান ও পুষ্টিকর খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।
রোদে পোড়া দাগ দূর করতে তাড়াহুড়ো করে বিভিন্ন উপাদান ব্যবহার করা ঠিক নয়। বিশেষ করে লেবুর রস সরাসরি ত্বকে লাগালে জ্বালাপোড়া বা রোদে ত্বকের ক্ষতি বাড়তে পারে। তাই ব্যবহারের আগে সতর্ক থাকুন। ত্বকে অস্বস্তি দেখা দিলে উপাদানটি ব্যবহার বন্ধ করুন।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স