হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন স্থগিত
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২০-১০-২০২৬ ১১:০৩:৪৩ পূর্বাহ্ন
আপডেট সময় :
২০-১০-২০২৬ ১১:০৩:৪৩ পূর্বাহ্ন
ফাইল ছবি
ইরান সমর্থিত হুথিদের রক্তক্ষয়ী ও প্রাণঘাতী হামলার কারণে সৌদি আরবের ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই) সম্মেলন আগামী বছর পর্যন্ত স্থগিত করা হয়েছে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবছর আয়োজিত এই ফ্ল্যাগশিপ সম্মেলনটি আগামী ২৬ অক্টোবর শুরু হয়ে ২৯ অক্টোবর পর্যন্ত চলার কথা ছিল। আয়োজকরা জানিয়েছেন, আগামী বছরের নতুন তারিখ ‘খুব শিগগিরই’ ঘোষণা করা হবে।
এফআইআই ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মহা বিনতে মিশারি আল সৌদ বলেন, ‘আমাদের অংশীদার, সদস্য, বক্তা ও প্রতিনিধিদের প্রতি গভীর দায়বদ্ধতা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু এটি আমাদের দশম আয়োজন, তাই আমরা এটিকে অনন্য উচ্চতায় পৌঁছে দিতে চাই, যাতে অংশগ্রহণকারীরা কাঙ্ক্ষিত সেই অসাধারণ অভিজ্ঞতা ও ইতিবাচক প্রভাব পেতে পারেন।’
সুইজারল্যান্ডের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের আদলে অনানুষ্ঠানিকভাবে এটিকে বলা হয়ে থাকে ‘মরুভূমির দাভোস’। সৌদি সরকারের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এই সম্মেলনের মাধ্যমে তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে পর্যটন, ক্রীড়া ও প্রযুক্তির দিকে জোর দেওয়ার বড় ধরনের বিনিয়োগ পরিকল্পনা তুলে ধরা হয়। মূলত বৈশ্বিক বিলিয়ন ডলারের বিনিয়োগ আকৃষ্ট করতেই এই মহাযজ্ঞের আয়োজন।
এফআইআই-এর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সম্মেলনে বক্তব্য দেওয়ার কথা ছিল অ্যালফাবেট ও গুগলের প্রেসিডেন্ট রুথ পোরাট, গোল্ডম্যান স্যাক্স গ্রুপের চেয়ারম্যান ও সিইও ডেভিড সোলোমন এবং ব্ল্যাকরকের চেয়ারম্যান ও সিইও লরেন্স ফিঙ্কের মতো বিশ্বখ্যাত ব্যক্তিদের।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোট এবং ইরান-ঘনিষ্ঠ হুথিদের মধ্যে গত কয়েক সপ্তাহে লড়াই চরম রূপ নিয়েছে। আনসারুল্লাহ নামে পরিচিত হুথি বিদ্রোহীরা রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ সৌদি আরবের সামরিক, জ্বালানি ও বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এসব হামলায় অন্তত ১৮ জন নিহত এবং আরও শত শত মানুষ আহত হয়েছেন।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স