ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​১৩০ বছর বয়সে হজ করা সেই হাজ্জা সারহুদা মারা গেছেন

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৯-১০-২০২৬ ০৫:১৩:৫০ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-১০-২০২৬ ০৫:১৫:১৫ অপরাহ্ন
​১৩০ বছর বয়সে হজ করা সেই হাজ্জা সারহুদা মারা গেছেন ​ছবি: সংগৃহীত
১৩২ বছর বয়সী আলজেরিয়ার বয়োজ্যেষ্ঠ নারী হাজ্জা সারহুদা সিতিতি মারা গেছেন। সম্প্রতি সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়া তাঁর পবিত্র হজ পালনের বিশেষ ভিডিওচিত্র শেয়ার করে এই মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।

হাজ্জার জন্ম গালমা প্রদেশের শিনিউ এলাকায়। পরে তিনি তেবেসা শহরে বসবাস করতেন। ১৮৯৪ সালে জন্মগ্রহণ করা এই নারী দীর্ঘ জীবন, বড় পরিবার এবং জীবনের শেষ দিকে হজ পালনের কারণে দেশজুড়ে পরিচিতি পান। তার মৃত্যুতে আলজেরিয়ায় শোকের পাশাপাশি ব্যাপক আগ্রহও তৈরি হয়েছে।

২০ বছর বয়সে বিয়ে করেন সারহুদা। তাঁর ১৫ জন সন্তান ছিল। জীবনের বড় অংশটাই তিনি সন্তান, নাতি-নাতনি ও পরিবারের সদস্যদের সঙ্গে কাটিয়েছেন।

২০২৪ সালের জুনে ১৩০ বছর বয়সে তিনি পবিত্র হজ পালন করেন। এতে তিনি বিশেষভাবে আলোচনায় আসেন। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করে সৌদি আরবে হজ করতে যাওয়ার খবর তখন গণমাধ্যমে বেশ গুরুত্ব পায়। এর আগে তিনি দুইবার ওমরাহ করেছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

১৮৯৪ সালের জন্মসন ধরলে সারহুদার জীবদ্দশায় আলজেরিয়ার ইতিহাসের বড় বড় পরিবর্তন ঘটে গেছে। তিনি ফরাসি ঔপনিবেশিক শাসন দেখেছেন, স্বাধীনতা সংগ্রাম ও দেশের স্বাধীনতা অর্জনের সময়কাল পার করেছেন। এরপর কয়েক দশকের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনেরও সাক্ষী ছিলেন তিনি।

তেবেসায় পরিবারের সঙ্গে থাকা এই নারীর জীবনকাহিনি আলজেরিয়ার মানুষের কাছে বিশেষ তাৎপর্য বহন করে। তার দীর্ঘ জীবন একাধিক প্রজন্মের পরিবর্তন ও দেশের ইতিহাসের নানা অধ্যায়ের সঙ্গে জড়িয়ে আছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ