ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোর গ্যাং প্রতিরোধে উপজেলা পর্যায়ে কমিটি গঠনের সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৯-১০-২০২৬ ০৩:৩৮:৫১ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-১০-২০২৬ ০৬:৩১:১২ অপরাহ্ন
কিশোর গ্যাং প্রতিরোধে উপজেলা পর্যায়ে কমিটি গঠনের সিদ্ধান্ত ফাইল ছবি
সারাদেশে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়া কিশোর গ্যাং কালচার ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। দেশের সব উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সভাপতি এবং সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জকে (ওসি) সদস্য-সচিব করে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (১৯ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। মাঠপর্যায়ে কিশোর অপরাধীদের চিহ্নিত করা, গ্যাং কালচারের মাধ্যমে সংঘটিত বিভিন্ন অপরাধ প্রতিরোধ এবং এ বিষয়ে দ্রুত আইনি ও সামাজিক পদক্ষেপ নিশ্চিত করতেই এ কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয়েছে।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি, মাদক কারবার, মারামারি, আধিপত্য বিস্তার ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অপরাধ দমনে সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানও জোরদার হয়েছে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশের উপজেলা আইনশৃঙ্খলা কমিটিগুলোর কার্যপরিধি বাড়িয়ে কিশোর গ্যাং, হত্যা, ছিনতাই, অপহরণ, মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেয়ার নির্দেশনা দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

প্রসঙ্গত, কিশোর গ্যাং প্রতিরোধে কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর পদক্ষেপই নয়, বরং সামাজিক সচেতনতা ও নজরদারি জোরদার করা জরুরি। এই কমিটি উপজেলা পর্যায়ে অপরাধপ্রবণ কিশোরদের তথ্য সংগ্রহ, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানো রোধে কাউন্সিলিং এবং অপরাধে যুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে সমন্বয়কের দায়িত্ব পালন করবে।
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ