ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৯-১০-২০২৬ ০২:৩৯:৩৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-১০-২০২৬ ০৩:০৪:৪৬ অপরাহ্ন
​পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

প্রেসক্লাবে আসার পর নেতা–কর্মীরা ইশরাক হোসেনের পক্ষে নানা স্লোগান দিতে থাকেন। তাঁরা ‘ইশরাক ভাইয়ের ভয় নাই। রাজপথ ছাড়ি নাই', 'ইশরাক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে' স্লোগান দেন।

নেতা–কর্মীদের কারও কারও হাতে ফুলের তোড়াও দেখা যায়। ইশরাক হোসেন প্রেসক্লাব প্রাঙ্গণে এলে নেতা–কর্মী ও গণমাধ্যমের কর্মীরা তাঁকে ঘিরে ধরেন। এরপর নেতা–কর্মী বেষ্টিত হয়ে প্রেসক্লাবের তৃতীয় তলায় আবদুস সালাম হলে যান ইশরাক হোসেন। তখনো হলের ভেতরে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন নেতা–কর্মীরা।

বেলা পৌনে ২টার দিকে ইশরাক হোসেন কালো রঙের গাড়িতে করে প্রেসক্লাবের ফটক দিয়ে ঢোকেন।

এর আগে প্রেসক্লাবে যাওয়ার পথে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ইশরাক দাবি করেন, মাদকের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়েই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং বিশেষ কারণে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হচ্ছে। তিনি দাবি করেছেন, তাঁর পদত্যাগের সিদ্ধান্ত দল চায়নি; বরং দলের ইচ্ছার বিরুদ্ধে তাঁকে এ সিদ্ধান্ত নিতে হচ্ছে। পদত্যাগের পর মাদকের বিরুদ্ধে আরও কঠোরভাবে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘মাদকের বিরুদ্ধে অভিযানটা করতে গিয়েই আজকের এই পরিস্থিতি। যেখানে আমাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হচ্ছে। দল চায়নি, দলের ইচ্ছার বিরুদ্ধে সেটা আমি বক্তব্যে বলবো।’ মাদকের বিরুদ্ধে নিজের অবস্থান তুলে ধরে ইশরাক আরও বলেন, ‘এখন তো আমি আরও অ্যাগ্রেসিভলি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো। যুদ্ধ করবো আমি।’

এর আগে সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে পদত্যাগ করবেন বলে ঘোষণা দেন। ওই পোস্টে তিনি উল্লেখ করেন, ‘আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব এবং সাংবাদিকদের মুখোমুখি হবো, ইনশাআল্লাহ।’

শনিবার (১৭ অক্টোবর) আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের জন্ম দেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ ঘটনার পর রোববার (১৮ অক্টোবর) মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন বিকেলে মন্ত্রিসভার বৈঠকের পর ইশরাক হোসেনকে ডেকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন বলে রাতে খবর ছড়িয়ে পড়ে। তবে ইশরাক হোসেন বিষয়টিকে ‘গুজব ও ভিত্তিহীন’ বলে গণমাধ্যমে পাঠানো এক অডিও বার্তায় দাবি করেন। 

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ