ভারতীয় বিমানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৮-১০-২০২৬ ০৩:৫৩:২৭ অপরাহ্ন
আপডেট সময় :
১৮-১০-২০২৬ ০৬:২১:৪৪ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
ভারতীয় বিমান চলাচলের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে পাকিস্তান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৪ নভেম্বর ভোর ৫টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
শনিবার (১৭ অক্টোবর) পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি (পিএএ) এ বিষয়ে একটি নোটিশ জারি করে। সংস্থাটির এক মুখপাত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
ভারত-অধিকৃত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। এর জেরে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও সামরিক সম্পর্কের অবনতি ঘটে। ওই পরিস্থিতিতে ভারতীয় বিমানগুলোর জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয় পাকিস্তান।
পেহেলগামের হামলার ঘটনায় পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করে ভারত। তবে ইসলামাবাদ এ অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে এবং ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানায়।
পাকিস্তানের এ সিদ্ধান্তের পাল্টা পদক্ষেপ হিসেবে ২০২৫ সালের ৩০ এপ্রিল পাকিস্তানি এয়ারলাইনসগুলোর জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয় ভারত।
এরপর ওই বছরের ৬ ও ৭ মে পাকিস্তানের কয়েকটি শহরে হামলা চালায় ভারত। পাল্টা জবাবে ‘অপারেশন বুনিয়ানুম মারসুস’ শুরু করে পাকিস্তান। দেশটির দাবি অনুযায়ী, প্রতিশোধমূলক অভিযানের অংশ হিসেবে ভারতের বেশ কয়েকটি সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়।
সংঘাত চলাকালে পাকিস্তান দাবি করে, তারা তিনটি রাফাল যুদ্ধবিমানসহ ভারতের আটটি যুদ্ধবিমান এবং কয়েক ডজন ড্রোন ভূপাতিত করেছে। প্রায় ৮৭ ঘণ্টা ধরে চলা সংঘাতের পর ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশী দেশ।
দুই দেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞার কারণে ভারতের বিমান চলাচল খাত বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। অন্যদিকে, পাকিস্তানের এভিয়েশন খাতে তুলনামূলকভাবে কম বিঘ্ন ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স