ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘জেলার ২’-এর ঝড়, তিন দিনে ৩১৭ কোটি আয়!

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-১০-২০২৬ ০১:৩৮:৩০ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-১০-২০২৬ ০১:৩৮:৩০ অপরাহ্ন
‘জেলার ২’-এর ঝড়, তিন দিনে ৩১৭ কোটি আয়! ফাইল ছবি
৭৫ বছর বয়সেও বক্স অফিসে নিজের আধিপত্য ধরে রেখেছেন ভারতের সুপারস্টার রজনীকান্ত। দর্শকদের উন্মাদনায় প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে তার নতুন সিনেমা ‘জেলার ২’।

মুক্তির মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী ছবিটির আয় ছাড়িয়েছে ৩১৭ কোটি রুপি। দুর্দান্ত এই সাফল্যে নিজের একাধিক ব্যবসাসফল সিনেমার আয়ের রেকর্ডও পেছনে ফেলেছে ছবিটি।

নেলসন দিলীপকুমার পরিচালিত এই সিক্যুয়াল মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে। ভারতের বাজারে সিনেমাটির নেট আয় দাঁড়িয়েছে ১৪৪.৬০ কোটি রুপি।

দেশটিতে ছবিটির মোট আয় বা গ্রস কালেকশন ১৬৯.৬৫ কোটি রুপি। অন্যদিকে, আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরো ১৪৭.৫০ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী ‘জেলার ২’-এর মোট গ্রস আয় ৩১৭.১৫ কোটি রুপি।
মুক্তির প্রথম দিনেই ভারতে ৫৯.৭০ কোটি রুপি নেট আয় করে ছবিটি।

দ্বিতীয় দিনে সেই আয় কমে দাঁড়ায় ৩৭.১০ কোটি রুপিতে। তবে শনিবার (১৭ অক্টোবর) ছুটির দিনে আবারও ঘুরে দাঁড়ায় সিনেমাটি। ওই দিন ১৪ হাজার ৬০৪টি প্রদর্শনী থেকে ৪৭.৮০ কোটি রুপি নেট আয় করে ‘জেলার ২’। আগের দিনের তুলনায় আয় বেড়েছে প্রায় ২৮.৮ শতাংশ।

এই সাফল্যের সুবাদে রজনীকান্তের আগের দুই ব্যবসাসফল সিনেমা ‘কাবালি’ ও ‘এন্থিরান’-এর আজীবন আয়ের হিসাবও ছাড়িয়ে গেছে ‘জেলার ২’।

ছবি দুটির বিশ্বব্যাপী আয় ছিল যথাক্রমে প্রায় ২৯৫ কোটি ও ২৯০ কোটি রুপি।

মুক্তির তিন দিনেই এই সাফল্য ছবিটিকে রজনীকান্তের সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় চতুর্থ স্থানে নিয়ে এসেছে। তালিকার শীর্ষে রয়েছে ‘২.০’। ছবিটির বিশ্বব্যাপী আয় প্রায় ৬৬৮ থেকে ৬৭৫ কোটি রুপি। দ্বিতীয় স্থানে ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘জেলার’, যার আয় প্রায় ৬০৫ থেকে ৬৩০ কোটি রুপি। আর তৃতীয় স্থানে রয়েছে ২০২৫ সালের সিনেমা ‘কুলি’। ছবিটির আয় প্রায় ৫১৬ থেকে ৫৪৮ কোটি রুপি।

২০২৩ সালের ব্যবসাসফল সিনেমা ‘জেলার’-এ ‘টাইগার মুথুভেল পান্ডিয়ান’ চরিত্রে অভিনয় করেছিলেন রজনীকান্ত। দ্বিতীয় কিস্তিতেও সেই জনপ্রিয় চরিত্রে ফিরেছেন তিনি। ছবিটির তারকাবহুল অভিনয়শিল্পীর তালিকায় রয়েছেন মোহনলাল, শিবরাজকুমার, রাম্যা কৃষ্ণান, বিজয় সেতুপাতি, বিদ্যা বালান ও মিঠুন চক্রবর্তী। সিনেমাটির সুর ও সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দ্র।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ