ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নবাবি আমলের ঐতিহাসিক দোলেশ্বর জামে মসজিদ: পুরনো রূপ ফিরিয়ে আনার উদ্যোগ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৭-১০-২০২৬ ০৩:০৯:০৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-১০-২০২৬ ০৩:০৯:০৭ অপরাহ্ন
নবাবি আমলের ঐতিহাসিক দোলেশ্বর জামে মসজিদ: পুরনো রূপ ফিরিয়ে আনার উদ্যোগ ফাইল ছবি
ঢাকার কেরানীগঞ্জের দোলেশ্বর গ্রামে দাঁড়িয়ে আছে ইতিহাস ও ঐতিহ্যের অনন্য স্মারক দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ। প্রায় দেড় শ বছর ধরে কালের নানা পরিবর্তনের সাক্ষী হয়ে থাকা এই মসজিদ নবাবি আমলের স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন হিসেবেও এটি এখন দেশ-বিদেশের মানুষের আকর্ষণের কেন্দ্র।

সময়ের পরিক্রমায় একাধিকবার সংস্কার ও সম্প্রসারণ হলেও এর মূল নকশা ও ঐতিহাসিক স্থাপত্যশৈলী যত্নের সঙ্গে সংরক্ষণ করা হয়েছে।

ঐতিহাসিক গুরুত্ব ও নান্দনিক স্থাপত্যের স্বীকৃতি হিসেবে ২০২১ সালের ডিসেম্বরে ইউনেসকোর এশিয়া-প্যাসিফিক অ্যাওয়ার্ডস ফর কালচারাল হেরিটেজ কনজারভেশনে ‘অ্যাওয়ার্ড অব মেরিট’ অর্জন করে মসজিদটি। একই মাসের ১৬ ডিসেম্বর সৌদি আরবের আবদুল লতিফ ফাওজান আন্তর্জাতিক মসজিদ স্থাপত্যশিল্পবিষয়ক অ্যাওয়ার্ডেও ভূষিত হয় এটি। এসব আন্তর্জাতিক স্বীকৃতির পর দোলেশ্বর মসজিদ দেশি-বিদেশি দর্শনার্থীদের কাছে আরো পরিচিত হয়ে ওঠে।

স্থানীয়ভাবে পাওয়া তথ্য অনুযায়ী, বাংলা ১২৭৫ সন, অর্থাৎ ১৮৬৮ খ্রিস্টাব্দ ও ১২৮৫ হিজরিতে দারোগা আমিনউদ্দিন আহমদ নিজ উদ্যোগে দৃষ্টিনন্দন এই মসজিদের নির্মাণকাজ শুরু করেন। মসজিদ নির্মাণের প্রথম উদ্যোক্তা হিসেবে তাঁর নাম জড়িয়ে থাকায় একসময় এটি ‘দারোগা মসজিদ’ নামেও পরিচিত ছিল। দারোগা আমিনউদ্দিন আহমদের ছেলে মইজউদ্দিন আহমদ ছিলেন মসজিদের প্রথম মুতাওয়াল্লি। পরবর্তী সময়ে মইজউদ্দিন আহমদ, তমিজউদ্দিন আহমদ, করিমউদ্দিন আহমদ, খিদির বক্স মিয়া ও আবদুর গফুর আহমদ মসজিদের জন্য জমি ওয়াক‌ফ করেন।

ঐতিহ্যবাহী স্থাপনাটিকে আধুনিকভাবে পরিবর্তন না করে তার পুরনো রূপ ফিরিয়ে আনার উদ্যোগ নেয় হামিদুর রহমানের পরিবার। তাদের উদ্যোগে স্থপতি আবু সাঈদ এম আহমেদের তত্ত্বাবধানে মসজিদটির মূল অবকাঠামো ও স্থাপত্যশৈলী অক্ষুণ্ন রেখে পুনঃসংস্কারের কাজ শুরু হয়। ২০১৮ সালে সংস্কারকাজ শেষ হয়। পুরনো মসজিদের পাশেই নির্মাণ করা হয়েছে নতুন একটি মসজিদ। ফলে ঐতিহাসিক পুরনো স্থাপনাটি এখন গ্রন্থাগার ও মক্তব হিসেবে ব্যবহৃত হচ্ছে।

এতে একদিকে মসজিদের ঐতিহাসিক কাঠামো সংরক্ষিত হয়েছে, অন্যদিকে নতুন মসজিদে নিয়মিত ইবাদতের ব্যবস্থা অব্যাহত আছে।

দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদের অন্যতম আকর্ষণ এর লাল ইটের নির্মাণশৈলী। ঐতিহাসিক বাংলার মসজিদগুলোর প্রাচীন স্থাপত্যের সঙ্গে এ কাঠামোর বেশ মিল রয়েছে। মসজিদের এক গম্বুজবিশিষ্ট নকশা দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করে। উঁচু ও গোলাকার গম্বুজের চারপাশে রয়েছে ছোট ছোট মিনারসদৃশ অলংকরণ। মসজিদের প্রবেশপথে রয়েছে খিলানযুক্ত দরজা। দরজার ওপরে ও চারপাশে সূক্ষ্ম কারুকার্য এবং নকশা খোদাই করা হয়েছে। সামনের দেয়ালেও রয়েছে নান্দনিক অলংকরণ। ভেতরের অংশ উঁচু ও প্রশস্ত। আলো-বাতাস চলাচলের জন্য রাখা হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা।

মসজিদের চারপাশের সবুজ পরিবেশও এর সৌন্দর্য বাড়িয়েছে। ছোট ছোট গাছ, সবুজ ঘাস আর পাশের জলাধারে মসজিদের প্রতিচ্ছবি—সব মিলিয়ে জায়গাটি তৈরি করেছে মনোরম এক দৃশ্য। প্রাচীন স্থাপত্যশৈলী অক্ষুণ্ন রেখে সংস্কার করায় স্থাপনাটি পেয়েছে নতুন প্রাণ, কিন্তু হারায়নি তার ঐতিহ্যের ছাপ। মসজিদটিতে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন স্থানীয় মুসল্লিরা। জুমার নামাজেও অংশ নেন শত শত মুসল্লি। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন নানা শ্রেণি-পেশার মানুষ ছুটে আসেন এর স্থাপত্য ও ঐতিহ্য দেখতে।

দেড় শতাব্দীর বেশি সময় ধরে নানা পরিবর্তনের মধ্যেও দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদের মূল স্থাপত্যশৈলী ধরে রাখা হয়েছে। পুরনোকে ভেঙে নতুন করে নির্মাণের পরিবর্তে ঐতিহাসিক কাঠামো সংরক্ষণ করে তার পাশে নতুন মসজিদ নির্মাণ—এই উদ্যোগ স্থাপত্য ঐতিহ্য রক্ষার একটি প্রশংসনীয় দৃষ্টান্ত।

কালের স্রোতে বহু স্থাপনা হারিয়ে গেলেও দোলেশ্বর মসজিদ যেন আজও নীরবে বলে যাচ্ছে কয়েক প্রজন্মের ইতিহাস। এর ইট-পাথরের গায়ে মিশে আছে অতীতের স্মৃতি, স্থাপত্যের সৌন্দর্য এবং ধর্মীয় ঐতিহ্যের দীর্ঘ পথচলা। লাল ইটের দেয়াল, উঁচু গম্বুজ, সূক্ষ্ম কারুকাজ, সবুজ পরিবেশ আর জলাধারে প্রতিফলিত মসজিদের অবয়ব—সব মিলিয়ে দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ আজ বাংলাদেশের স্থাপত্য-ঐতিহ্যের জীবন্ত স্মারক।

 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ