ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্ডিয়া জোটের বিক্ষোভে যোগ দিলো থালাপতি বিজয়ের দল

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৭-১০-২০২৬ ০১:৩৩:৫৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-১০-২০২৬ ০১:৩৩:৫৬ অপরাহ্ন
ইন্ডিয়া জোটের বিক্ষোভে যোগ দিলো থালাপতি বিজয়ের দল ছবি : সংগৃহীত
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে চেন্নাইতে কংগ্রেসের নেতৃত্বাধীন বিক্ষোভে অংশ নিয়েছে তামিলনাড়ুর ক্ষমতাসীন থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে)। বিরোধী দলগুলোর জোট ‘ইন্ডিয়া’তে ৩ অক্টোবর যোগ দেয়ার পর সিইসিবিরোধী কোনো বিক্ষোভে দলটির এটিই প্রথম অংশগ্রহণ।

কংগ্রেসের সংসদ সদস্য বি মানিকাম ঠাকুর ও তামিলনাড়ু কংগ্রেস কমিটির (টিএনসিসি) যৌথ উদ্যোগে এ কর্মসূচি নেয়া হয়েছে। ভোটার তালিকায় নানা অনিয়ম এবং বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার বিরুদ্ধে এ ‘গণতন্ত্র রক্ষা’ বিক্ষোভের আয়োজন করা হয়।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী নয়াদিল্লিতেও বিক্ষোভ চলছে। এমন পরিস্থিতিতে চেন্নাইয়ের এ কর্মসূচিতে ‘ইন্ডিয়া’ জোটের শরিক সাতটি দলের নেতারা অংশ নেন।

এর আগে ১০ অক্টোবর চেন্নাইতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও টিভিকে প্রধান বিজয়ের একটি বৈঠক হয়। বৈঠকের মাত্র কয়েক দিন পর দলটি কংগ্রেসের ডাকা বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিলো।

ভারতে ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে ভবিষ্যতে বিভিন্ন আলোচনা, প্রচার ও বিক্ষোভে অংশ নিতে বিজয় এবং তার দলকে আমন্ত্রণ জানিয়েছিলেন রাহুল। পরে চেন্নাইয়ের শহরতলির নীলাঙ্করাইয়ে বিজয়ের বাসভবনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন রাহুল।

সম্প্রতি ধারাপুরাম ও মাদুরান্তাকাম উপনির্বাচনে টিভিকের বিজয়ের জন্য বিজয়কে অভিনন্দন জানান রাহুল। তামিলনাড়ুতে ‘সেক্যুলার সোশ্যাল জাস্টিস ভিক্টরি অ্যালায়েন্স’ গঠনের পর এটিই ছিল দুই নেতার প্রথম বৈঠক।

বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে কোটি কোটি ভোটারকে সুপরিকল্পিতভাবে তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। ভুক্তভোগীদের বড় অংশই মুসলিম, ক্ষুদ্র-জাতিসত্তা ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ। শুধু তামিলনাড়ু থেকেই ৯৭ লাখের বেশি ভোটারের নাম কেটে দেয়া হয়েছে বলে দাবি করেন তারা।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ