কক্সবাজারে রিসোর্টে আগুন: হতাহতদের নাম-পরিচয় শনাক্ত
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৭-১০-২০২৬ ০১:১৫:৪১ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-১০-২০২৬ ০১:৪৭:৪১ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে হতাহতদের নাম-পরিচয় মিলেছে। এ ঘটনায় ছয়জন নিহত হয়েছেন।
দগ্ধ পাঁচজনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে ফায়ার সার্ভিস।
নিহতরা হলেন রাজধানীর বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭) এবং চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) ও ফায়িজান আহম্মেদ (৫)।
অন্যদিকে আহতরা হলেন চিকিৎসক শিহাব উদ্দীন (৩১), তার স্ত্রী নাফিজা নেওয়াজ খান (২৯), মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০) ও সামিদা (৩২)।
এদের মধ্যে পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের শরীরের প্রায় ৫ শতাংশ পুড়ে গেছে। অন্যজন পড়ে আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) মাহমুদ সোহেল এসব তথ্য জানান।
পুলিশ জানায়, কাঠের তৈরি রিসোর্টটিতে মোট কক্ষ ছিল ৯টি। শুক্রবার রাতে তিনটি কক্ষের পর্যটক চেকআউট করে চলে যান। বাকি ছয়টি কক্ষে ১৬ জন পর্যটক অবস্থান করছিলেন। তাদের কয়েকজন সকালে বাইরে ছিলেন।
ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য জানান, ঘটনাস্থল থেকে প্রথমে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়। পরে আরো একজনের মৃত্যু হয়। নিহত সবাই পর্যটক বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকাজ চলায় হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
এর আগে সকালে সকাল ৭টার দিকে রিসোর্টটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল ১১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স