ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্থানীয় নির্বাচনে দলকে জেতাতে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-১০-২০২৬ ০৬:২৮:৫৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-১০-২০২৬ ০৬:২৯:৫০ অপরাহ্ন
স্থানীয় নির্বাচনে দলকে জেতাতে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের ​ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি। সমাজে দুর্নীতি, অনিয়ম ও অন্যায় বেড়েছে। তাঁর অভিযোগ, বর্তমান সরকার গণভোটের রায় অস্বীকার করছে এবং জুলাই সনদ বাস্তবায়ন করছে না। এভাবে চলতে থাকলে আগের সরকারের মতো পরিণতি হতে পারে বর্তমান সরকারেরও।

শুক্রবার (১৬ অক্টোবর) গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে টঙ্গীর শহীদ আব্দুল মালেক মিলনায়তনে ২০২৬ সালের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ২০২৪ সালে জামায়াত ও তরুণ সমাজের প্রত্যাশা ছিল শোষণমুক্ত, বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। কিন্তু বর্তমানে বৈষম্যের নতুন মাত্রা যুক্ত হচ্ছে। শিক্ষাঙ্গনে দলীয়করণ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে অনিয়মের অভিযোগও করেন তিনি।

তিনি বলেন, জনগণের প্রত্যাশা ছিল ন্যায়বিচারভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। কিন্তু তাঁর মতে, বিচার ও শিক্ষা বিভাগে অনিয়ম, দুর্নীতি ও দলীয়করণ চলছে। বর্তমান পরিস্থিতিতে ক্ষমতা এক লুটেরার হাত থেকে আরেক লুটেরার হাতে গেছে বলে জনগণের মধ্যে ধারণা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

রুকনদের উদ্দেশে জামায়াতের আমির বলেন, ইসলামী চেতনা ধারণ করে নিজেদের নফস নিয়ন্ত্রণ করতে হবে। নিজের ও পরিবারের দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের মানুষের সঙ্গে ভালো ব্যবহার ও সম্মানজনক আচরণ করতে হবে। উত্তম আচরণ ও নৈতিকতার মাধ্যমে মানুষের কাছে ইসলামের আদর্শ তুলে ধরতে হবে। এ সময় সর্বাবস্থায় সুদ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

স্থানীয় নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, গাজীপুর একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বসবাস করেন। আগামী স্থানীয় নির্বাচনে জামায়াতকে বিজয়ী করতে নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে। দেশ ও জাতির প্রত্যাশা পূরণে জামায়াতকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

সম্মেলনে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য উপাধ্যক্ষ আব্দুর রউফ, মাওলানা শাহজাহান, মাওলানা দেলোয়ার হোসেন, ড. খলিলুর রহমান মাদানি, সাবেক জেলা আমির আবুল হাশেম খান ও জেলা আমির ড. জাহাঙ্গীর আলম।

এ ছাড়া মহানগর নায়েবে আমির মো. খায়রুল হাসান, মহানগর সেক্রেটারি আ স ম ফারুক, সহকারী সেক্রেটারি আফজাল হোসেন, মহিলা বিভাগের সেক্রেটারি আমেনা বেগমসহ মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠনের শুরুতে দারসুল কোরআন পেশ করেন মাওলানা আব্দুল হালিম। পরে দেশীয় সাহিত্য সাংস্কৃতিক সংসদের শিল্পীরা ইসলামী সংগীত পরিবেশন করেন।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ