ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​শাকিবের ‘সোলজার’ নিয়ে অনিশ্চয়তা, বাকি ৯ দিনের শুটিং

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৬-১০-২০২৬ ০৪:০৫:৩৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-১০-২০২৬ ০৪:০৫:৩৯ অপরাহ্ন
​শাকিবের ‘সোলজার’ নিয়ে অনিশ্চয়তা, বাকি ৯ দিনের শুটিং ​ছবি: সংগৃহীত
ঢালিউড কিং শাকিব খান অভিনীত ‘সোলজার’ সিনেমার মুক্তির তারিখ নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। গত বছরের অক্টোবরে শুরু হওয়া সিনেমাটির কাজ এখনো শেষ হয়নি। ফলে চলতি বছরের ডিসেম্বরেও এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

নির্মাণের শুরু থেকেই আলোচনায় থাকা সিনেমাটির ডাবিংয়ের বড় অংশ শেষ করেছেন শাকিব খান। তবে এখনো ৯ দিনের শুটিং বাকি রয়েছে। এই অবশিষ্ট কাজ শেষ করা নিয়েই তৈরি হয়েছে মূল জটিলতা।

সূত্রের খবর অনুযায়ী, একাধিকবার শুটিংয়ের তারিখ নির্ধারণ করা হলেও পরিচালক সাকিব ফাহাদ ও নির্বাহী প্রযোজক মৌমিতা হোসাইন কাজ শুরু করতে পারেননি। ঈদুল আজহায় ‘রকস্টার’ মুক্তির পর কিংবা গত আগস্টে শাকিব খান যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পরও নির্ধারিত সূচি অনুযায়ী শুটিং করা সম্ভব হয়নি।

এ বিষয়ে শাকিব খানের ম্যানেজার মনির জামান জানান, বারবার শিডিউল নেওয়া হলেও পরিচালক শুটিং শুরু করতে পারেননি। যে পরিমাণ শিডিউল নেওয়া হয়েছিল, তাতে সহজেই দুই থেকে তিনটি সিনেমার কাজ শেষ করা যেত। গত কয়েক বছরে শাকিব খানের কোনো সিনেমার ক্ষেত্রে এমন গড়িমসি দেখা যায়নি বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে সিনেমাটির শুটিং আটকে থাকার পেছনে শিল্পী ও টেকনিশিয়ানদের বকেয়া সম্মানি পরিশোধ না করাকে অন্যতম কারণ হিসেবে দাবি করছেন সংশ্লিষ্টরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক টেকনিশিয়ান জানান, অধিকাংশ কলাকুশলীর পাওনা পরিশোধ করা হয়নি। বকেয়া টাকা না পেলে কেউ আর নতুন করে সময় দিতে রাজি হচ্ছেন না।

তবে বকেয়া সম্মানি পরিশোধ না করার অভিযোগ অস্বীকার করেছেন নির্বাহী প্রযোজক মৌমিতা হোসাইন। তাঁর ভাষ্যমতে, শুটিং শেষ হওয়ার আগে পুরো সম্মানি পরিশোধের নিয়ম নেই। শুটিং শেষ হলে মুক্তির তারিখ ঘোষণা করে টিজার প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

বর্তমানে ঢালিউড অ্যাওয়ার্ডে যোগ দিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব খান। চলতি মাসের শেষে তাঁর দেশে ফেরার কথা রয়েছে। এরপর নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে পরিচালক মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমার কাজে নামবেন তিনি। পরবর্তী সময়ে হিমেল আশরাফের ‘মহব্বত’ সিনেমার কাজ শুরু করার কথা রয়েছে।

এই দুই সিনেমার ব্যস্ততার ফাঁকে ‘সোলজার’-এর বাকি ৯ দিনের শুটিং শেষ করা সম্ভব হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা কাটেনি।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ